পহেলগাঁওয়ের জখমে উন্নয়নের প্রলেপ! ‘বিশ্বের উচ্চতম রেলব্রিজ’-এর উদ্বোধন মোদির, চালু হল শ্রীনগর-কাটরা ট্রেন পরিষেবা
ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

পহেলগাঁওয়ে সন্ত্রাসবাদী হামলার এক মাসের কিছু বেশি সময়ের মধ্যেই কাশ্মীরে কেন্দ্রের তরফে নেওয়া হল একটি গুরুত্বপূর্ণ উন্নয়নমূলক পদক্ষেপ। ‘বিশ্বের উচ্চতম রেলব্রিজ’ হিসেবে পরিচিত চেনাব ব্রিজের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পাশাপাশি, চালু করা হল শ্রীনগর-কাটরা রেলরুট। এই রুটেই ছুটবে ‘ভারতীয় প্রগতির প্রতীক’ হিসেবে পরিচিত বন্দে ভারত এক্সপ্রেস।
চেনাব সেতু—এই রেলব্রিজটি বিশ্বের সর্বোচ্চ আর্চ রেলব্রিজ হিসেবে খ্যাত। এটি জম্মু ও কাশ্মীরের রিয়াসি জেলার চন্দ্রভাগা নদীর উপর নির্মিত। ব্রিজটি এমনভাবে নির্মাণ করা হয়েছে যাতে রিখটার স্কেলে ৮ মাত্রার ভূমিকম্পেও কোনও ক্ষতি না হয়। এমনকি বড়সড় বিস্ফোরণ হলেও এর গঠন অক্ষুণ্ণ থাকবে বলেই মনে করছেন রেল বিভাগের আধিকারিকরা। তাঁদের মতে, এই সেতুতে সন্ত্রাসী আক্রমণ ও ভূমিকম্প মোকাবিলায় রয়েছে বিশেষ সুরক্ষা ব্যবস্থা। ২০০৩ সালে ‘বাজপেয়ী সরকার’ এই প্রকল্পে অনুমোদন দেয় এবং ২০০৪ সালে কাজ শুরু হয়। তবে ২০০৯ সালে প্রবল বাতাসের কারণে কাজ বন্ধ হয়ে যায়। পরবর্তীকালে মোদি সরকারের আমলে ফের কাজ শুরু হয়। ২০১৭ সালে সহায়ক পরিকাঠামোর কাজ শেষ হয় এবং ২০২১-এ আর্চের নির্মাণ আরম্ভ হয়। পুরো প্রকল্পটি শেষ হয় ২০২২ সালের আগস্টে।
মূলত, ১৯ এপ্রিল এই প্রকল্পের উদ্বোধনের পরিকল্পনা ছিল, কিন্তু খারাপ আবহাওয়ার কারণে তা স্থগিত রাখা হয়। ২২ এপ্রিল ঘটে যায় পহেলগাঁও হামলা। এর কিছুদিনের মধ্যেই ভারত অভিযান চালায় পাক অধিকৃত কাশ্মীরে। তবে সেই ঘটনার পর পর্যটকদের ফিরিয়ে আনা এবং স্থানীয় বাসিন্দাদের আস্থা ফিরিয়ে আনাই হয়ে দাঁড়ায় প্রশাসনের মূল চ্যালেঞ্জ। তাই কেন্দ্রীয় সরকারের লক্ষ্য ছিল উন্নয়নের মাধ্যমে দুই উদ্দেশ্য পূরণ করা। সেই দৃষ্টিকোণ থেকেই শুক্রবার উদ্বোধন হল চেনাব সেতু এবং শ্রীনগর-কাটরা রেলপথ। উদ্বোধনের সময় প্রধানমন্ত্রীকে দেখা যায় জাতীয় পতাকা হাতে নিয়ে চেনাব ব্রিজের উপর হাঁটতে। ওই সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, উপরাজ্যপাল মনোজ সিনহা এবং রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।
চেনাব ব্রিজ উদ্বোধনের সঙ্গে সঙ্গেই শুরু হল কাটরা পর্যন্ত রেল পরিষেবাও। ওই পথে এক জোড়া বন্দে ভারত এক্সপ্রেস চালাবে ভারতীয় রেল। এর ফলে এখন থেকে শ্রীনগর থেকে বৈষ্ণোদেবীর নিকটবর্তী কাটরা রেলস্টেশনে পৌঁছনো যাবে মাত্র তিন ঘণ্টায়। এই বন্দে ভারত ট্রেনে থাকছে একটি এক্সিকিউটিভ ক্লাসসহ সাতটি এসি চেয়ারকার। ট্রেনটি কাটরা থেকে সকাল ৮:১০-এ ছেড়ে শ্রীনগর পৌঁছবে ১১:২০-এ। শ্রীনগর থেকে সকাল ৮:৫৫-এ ছেড়ে কাটরা পৌঁছবে ১২:০৫-এ। ভবিষ্যতে এটি বুদগাঁও পর্যন্ত সম্প্রসারিত করার পরিকল্পনা রয়েছে। যদিও ভাড়া এখনও প্রকাশ হয়নি, তবে সাধারণ চেয়ারকারের জন্য ভাড়া ‘১,৫০০ থেকে ১,৬০০ টাকা’, আর এক্সিকিউটিভ ক্লাসের জন্য ‘২,২০০ থেকে ২,৫০০ টাকা’ হতে পারে বলে জানা গিয়েছে।



