
‘অবিলম্বে তেহরান ছাড়ুন’— এমনই সতর্কবার্তা জারি করল ইরানে অবস্থিত ভারতীয় দূতাবাস। ইজরায়েলের ধারাবাহিক আক্রমণের জেরে ইরানের রাজধানীতে দ্রুত অবনত পরিস্থিতিতে ভারতীয় নাগরিকদের জন্য এই নির্দেশ দেওয়া হয়েছে। ইজরায়েল গত পাঁচদিন ধরে তেহরানকে নিশানা করে আক্রমণ চালাচ্ছে, যার ফলে ক্ষয়ক্ষতির পরিমাণ ক্রমাগত বাড়ছে। সেই কারণেই দূতাবাসের পক্ষ থেকে ভারতীয় নাগরিকদের অপেক্ষাকৃত নিরাপদ কোনও শহরে সরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
যুদ্ধ পরিস্থিতির কারণে ইরানে আটকে থাকা ভারতীয় ছাত্রছাত্রী ও সাধারণ নাগরিকদের নিরাপত্তা নিয়ে চিন্তা বাড়ছিল। এই পরিস্থিতিতে সোমবার থেকে আর্মেনিয়ার পথ ধরে ভারতীয়দের দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হয়। তবে পরদিনই তেহরানে থাকা ভারতীয় ও ভারতীয় বংশোদ্ভূত নাগরিকদের উদ্দেশে বিশেষ সতর্কবার্তা দেয় দূতাবাস। মঙ্গলবার এক বিবৃতিতে তারা জানায়, “দেরি না করে করে প্রত্যেকে যেন তেহরান ছাড়েন” এবং “যাঁদের সামর্থ্য রয়েছে, তাঁরা যেন নিজেরাই অন্য কোনও শহরে চলে যেতে পারেন”।
যাঁরা এখনও পর্যন্ত দূতাবাসের সঙ্গে যোগাযোগ করেননি, তাঁদের দ্রুত নিজের নাম ও অবস্থান জানাতে বলা হয়েছে। যোগাযোগের জন্য তিনটি হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে— +98 9010144557, +98 9128109115, +98 9128109109। তবে প্রশ্ন থেকেই যাচ্ছে— সত্যিই কি ইরানে আটকে পড়া ভারতীয়দের সকলের পক্ষে তেহরান ছেড়ে অন্যত্র যাওয়া সম্ভব?
উল্লেখযোগ্য, তেহরানে অবস্থিত ভারতীয় দূতাবাস সিরাজ ইউনিভার্সিটি অফ মেডিক্যাল সায়েন্সের কাছে অনুরোধ জানিয়েছে, “তারা যেন ভারতীয় পড়ুয়াদের নিরাপদস্থানে সরিয়ে নিয়ে যাওয়ার জন্য সবধরনের ব্যবস্থা করে”। একই সঙ্গে ইরানের বিদেশ মন্ত্রকও ১৫ জুন একটি বিবৃতিতে জানায় যে, “পড়ুয়াদের নিরাপদ স্থানে সরানোর জন্য যাবতীয় ব্যবস্থা করা হচ্ছে”। এমনকি ইজরায়েলের প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র এফি ডেফরিনও আশ্বাস দিয়েছেন যে, “ইরান থেকে ভারতীয় পড়ুয়াদের অন্যত্র সরিয়ে নিয়ে যাওযার জন্য ভারতকে সবধরনের সহযোগিতা করা হবে”।



