রথযাত্রার উপহার ভারতীয় রেলের, ৩৬৫টি স্পেশাল ট্রেন, তালিকায় সাঁতরাগাছি স্টেশনও
ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

আর মাত্র কয়েক দিনের অপেক্ষা, তারপরই রথযাত্রা। সেদিন জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা দেবী যাবেন মাসির বাড়ি। সেই উপলক্ষে জোরকদমে প্রস্তুতি চলছে পুরী শহরে। ইতিমধ্যেই ভক্তদের ভিড় জমতে শুরু করেছে। প্রতিবছরের মতো এবারও রথযাত্রা উপলক্ষে দেশজুড়ে লাখ লাখ মানুষ ভিড় করবেন পুরীতে। সেই সময় পুরী যাওয়ার ট্রেন কিংবা বাসের টিকিট পাওয়া যেন সোনার পাথরবাটি হয়ে দাঁড়ায়। এমনকি অন্য যানবাহনে অতিরিক্ত ভাড়া দিয়ে যেতে হয় অনেককে—এমন অভিযোগও বহুবার উঠেছে। এবার সেই ভোগান্তি রোধে বড় সিদ্ধান্ত নিল ভারতীয় রেল।
রেল সূত্রে জানা গিয়েছে, এ বছর রথযাত্রার সময়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে পুরী অভিমুখে মোট ৩৬৫টি বিশেষ ট্রেন চালানো হবে। গত বছরে এই সংখ্যা ছিল ৩১৫টি। অর্থাৎ এবার বাড়ানো হয়েছে অতিরিক্ত ৫০টি ট্রেন। প্রতিবছর রথযাত্রার সময়ে ওড়িশার পুরীতে বিপুল সংখ্যক ভক্তের সমাগম হয় এবং অধিকাংশই যাতায়াতের জন্য ভারতীয় রেলের উপর নির্ভরশীল। সেই চাহিদাকে মাথায় রেখেই বাড়ানো হয়েছে ট্রেন সংখ্যা। রেল আধিকারিকদের মতে, এর ফলে যাত্রীদের চাপ কমবে এবং ভিড়ের মধ্যে তুলনামূলক স্বস্তিতে যাতায়াত করা সম্ভব হবে। বিশৃঙ্খল পরিস্থিতিও কিছুটা নিয়ন্ত্রণে থাকবে বলে ধারণা।
হাওড়ার সাঁতরাগাছি স্টেশন থেকেও এবার এই স্পেশাল ট্রেন পরিষেবা মিলবে বলে জানা গিয়েছে। ইস্ট কোস্ট রেলওয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, পশ্চিমবঙ্গ ছাড়াও প্রতিবেশী রাজ্যগুলির বিভিন্ন স্থান থেকেও পুরীর উদ্দেশে চলবে বিশেষ ট্রেন। যেমন অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম, ছত্তিশগড়ের গোন্দিয়া সহ একাধিক স্থান থেকে এই ট্রেন ছাড়বে। শুধু তাই নয়, ওড়িশার গুনুপুর, বালেশ্বর, বীরমিত্রপুর, জুনাগড় রোড, আঙ্গুল, বাদামপাহাড়, জগদ্দলপুর ও রায়গড় থেকেও রথযাত্রা উপলক্ষে চালানো হবে বিশেষ ট্রেন।



