ওপার বাংলা

ঢাকায় স্কুলের উপর ভেঙে পড়ল যুদ্ধবিমান, মৃত ১৯, আহত বহু

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

ঢাকায় স্কুলের উপর ভেঙে পড়ল যুদ্ধবিমান, মৃত ১৯, আহত বহু - West Bengal News 24

আহমেদাবাদের ঘটনার ধাঁচেই এবার ভয়াবহ বিমান দুর্ঘটনা ঘটল বাংলাদেশের রাজধানী ঢাকায়। শহরের দিয়াবাড়ি এলাকায় অবস্থিত মাইলস্টোন স্কুল-কলেজের একটি ভবনে ভেঙে পড়ল বাংলাদেশ বিমানবাহিনীর একটি ‘এফ-৭’ যুদ্ধবিমান। সোমবার দুপুরে ওই দুর্ঘটনায় প্রাণ হারালেন অন্তত ১৯ জন, আহত হয়েছেন ৫০ জনেরও বেশি। মৃতদের মধ্যে রয়েছেন বিমানটির পাইলটও। গুরুতর আহতদের ভর্তি করা হয়েছে ঢাকার জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। বেশিরভাগই ওই স্কুলের পড়ুয়া।

বাংলাদেশ সেনাবাহিনীর জনসংযোগ শাখা আইএসপিআর সূত্রে জানানো হয়েছে, “বিমানবাহিনীর ‘এফ-৭ বিজেআই’ প্রশিক্ষণ বিমানটি এদিন দুপুর ১টা ৬ মিনিটে (বাংলাদেশি সময়) ওড়ার বারো মিনিট পরে ভেঙে পড়ে।” স্কুল ভবনের উপর ভেঙে পড়তেই তীব্র বিস্ফোরণ ঘটে, আগুন ধরে যায় চারপাশে। ঘটনাস্থলে পৌঁছায় দমকলের আটটি ইঞ্জিন। আকাশে ছড়িয়ে পড়ে ঘন কালো ধোঁয়া।

ঘটনাস্থলে উপস্থিত দমকল আধিকারিক লিমা খানম জানান,
“দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমানটি ভেঙে পড়ে। আমাদের দল একজনের মৃতদেহ উদ্ধার করেছে। বিমান বাহিনীর লোকজন চারজনকে আহত অবস্থায় উদ্ধার করেছে।”

তবে এখনও পর্যন্ত পাইলটের পরিচয় বা অবস্থা নিশ্চিত হয়নি। দুর্ঘটনার সময় স্কুলে ক্লাস চলছিল বলে জানা গিয়েছে। একে একে আহত পড়ুয়াদের বাইরে বের করে আনেন উদ্ধারকারীরা। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, দগ্ধদের মধ্যে বেশিরভাগই শিক্ষার্থী। এখনও পর্যন্ত তাঁদের পরিচয় জানা যায়নি।

এই মর্মান্তিক ঘটনায় শোকপ্রকাশ করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস।

“রাজধানীর দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক‍্যাম্পাসে আজ বাংলাদেশ বিমান বাহিনীর এফ-৭বিজিআই প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের মর্মান্তিক দুর্ঘটনায় হতাহতের ঘটনায় আমি গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি।”

তিনি জানিয়েছেন, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে যথাযথ তদন্ত করা হবে। পাশাপাশি মঙ্গলবার বাংলাদেশে রাষ্ট্রীয় শোক পালন করা হবে বলেও ঘোষণা করা হয়েছে।

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য