“অপারেশন সিঁদুর নিয়ে ব্যাখ্যা চেয়ে বিরোধীদের চাপ, অবশেষে সংসদে ভাষণ দেবেন মোদি!”
ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

“অপারেশন সিঁদুর” ঘিরে বিরোধীদের ক্রমাগত প্রশ্নের মুখে এবার মুখ খুলতে চলেছেন “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(PM Modi)”। সূত্রের খবর, বাদল অধিবেশনে এই বিষয়ে বক্তব্য রাখতে পারেন তিনি। এমনকি লোকসভা ও রাজ্যসভা, দুই কক্ষেই প্রধানমন্ত্রী ভাষণ দিতে পারেন বলেই জানা যাচ্ছে। উল্লেখযোগ্য, আগামী সপ্তাহে লোকসভায় “১৬ ঘণ্টা” ও রাজ্যসভায় “৯ ঘণ্টা” সময় নির্ধারিত হয়েছে এই ইস্যুতে আলোচনা করার জন্য। আলোচনার পরেই প্রধানমন্ত্রী তাঁর বক্তব্য রাখবেন বলে অনুমান।
সংসদে “অপারেশন সিঁদুর (Operation Sindoor)” নিয়ে বিস্তারিত আলোচনার দাবিতে একজোট বিরোধীরা। ইতিমধ্যে সরকার পক্ষ আলোচনা চালাতে আগামী সপ্তাহে দুই কক্ষে মিলিয়ে মোট “২৫ ঘণ্টা” সময় নির্ধারণ করেছে। তবে বিরোধীদের স্পষ্ট দাবি, শুধু আলোচনা নয়, এই বিষয়ে “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (PM Modi)” সংসদে দাঁড়িয়ে নিজের অবস্থান জানাতেই হবে। বিরোধীরা চায় না বিষয়টি আর বেশি সময় গড়াক। তাঁদের অভিযোগ, প্রধানমন্ত্রী ইচ্ছাকৃতভাবে এই বিষয়ে সংসদীয় বিতর্ক এড়িয়ে চলছেন। “রাহুল” অভিযোগ তুলেছেন, মোদি সরকার অপারেশন সিঁদুর নিয়ে সরাসরি আলোচনা করতে চাইছে না।
“সংসদ চত্বরে দাঁড়িয়ে বুধবার বিরোধী দলনেতা বললেন, “একদিকে সরকার বলছে অপারেশন সিঁদুর চলছে। অন্যদিকে বলছে আমরা জিতে গিয়েছি। আবার ডোনাল্ড ট্রাম্প ২৫ বার বলেছেন, তিনি অপারেশন সিঁদুর থামিয়ে দিয়েছেন। ডাল মে কুছ না কুছ কালা হ্যায়।” রাহুলের বক্তব্য, “প্রধানমন্ত্রী এ নিয়ে একটা বিবৃতি দিতে পারছেন না। দেবেনই বা কী করে? কীই বা বলবেন? মেনে নেবেন যে ট্রাম্পই যুদ্ধবিরতি করেছেন? সেটা তো বলতে পারবেন না।” বিরোধী দলনেতার সাফ কথা, সরকার না মানলেও এটাই সত্যি যে ট্রাম্প সংঘর্ষ বিরতি করিয়েছেন। গোটা দুনিয়া সেটা জানে। তাঁর অভিযোগ, অপারেশন সিঁদুরের সময় কূটনৈতিকভাবে চূড়ান্ত ব্যর্থ হয়েছে সরকার। কোনও দেশকে পাশে পাওয়া যায়নি।”
তবে এই সমস্ত অভিযোগের কড়া জবাব দিতে প্রস্তুত হচ্ছেন “প্রধানমন্ত্রী মোদি”। বর্তমানে তিনি “ব্রিটেন ও মালদ্বীপ” সফরে রয়েছেন। বিদেশ সফর সেরে দেশে ফিরেই তিনি সংসদে বক্তব্য রাখতে পারেন বলে সূত্রের খবর।



