রাজ্য

‘চূড়ান্ত সফল হবে, ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ নিয়ে আশাবাদী মমতা

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

Amader Para, Amader Samadhan : ‘চূড়ান্ত সফল হবে, ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ নিয়ে আশাবাদী মমতা - West Bengal News 24

রাজ্যবাসীর দোরগোড়ায় সরকারি পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে শনিবার থেকে রাজ্যজুড়ে চালু হয়েছে ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ প্রকল্প। দেশের মধ্যে প্রথমবার এমন পদক্ষেপ নিয়েছে বাংলা। অন্যান্য জনপ্রিয় প্রকল্পের মতো এই উদ্যোগও ব্যাপক সাফল্য পাবে বলে বিশ্বাস মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।

শনিবার ‘X’ হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী লেখেন, “আজ প্রথম দিনে রাজ্যজুড়ে ৬৩২টি ক্যাম্প অনুষ্ঠিত হচ্ছে। প্রতিটি ক্যাম্পেই ‘দুয়ারে সরকার’-এর পরিষেবাও পাওয়া যাচ্ছে। ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ প্রকল্পের জন্য আমাদের সরকার বুথপিছু ১০ লক্ষ করে মোট ৮ হাজার কোটি টাকারও বেশি দেবে।” তিনি রাজ্যবাসীকে এই শিবিরে অংশগ্রহণ করে মতামত জানাতে এবং আধিকারিকদের সঙ্গে সহযোগিতায় এগিয়ে আসার অনুরোধ জানিয়েছেন। তাঁর আশা, আগের যেকোনও প্রকল্পের মতো এই প্রকল্পটিও বিশাল সাফল্য অর্জন করবে।

উল্লেখ্য, ‘দুয়ারে সরকার’-এর পর এবার ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’-এর মাধ্যমে সরাসরি বুথ স্তর পর্যন্ত পৌঁছচ্ছে প্রশাসনিক পরিষেবা। এই কর্মসূচির মাধ্যমে স্থানীয় স্তরে নাগরিক সমস্যার দ্রুত সমাধান করা হবে। শনিবার থেকে শুরু হয়ে এই প্রকল্প চলবে আগামী ৩ নভেম্বর পর্যন্ত।

এই প্রকল্পে মোট ১৬টি বিভিন্ন পরিষেবা মিলবে। পরিষেবাগুলির মধ্যে রয়েছে: নিকাশির পরিকাঠামো উন্নয়ন, পানীয় জলের ব্যবস্থা, রাস্তাঘাটে আলো, শৌচাগারের ব্যবস্থা, আইসিডিএস কেন্দ্রের পরিকাঠামো উন্নয়ন, প্রাথমিক বিদ্যালয়ের স্বাস্থ্য পরিষেবা, পুকুর সংস্কার, বর্জ্য ব্যবস্থাপনা, খোলা জায়গায় বেঞ্চ ও শেড বসানো, হাট-বাজার স্টলের সংস্কার, আলো ও নিকাশির সম্মিলিত পরিকাঠামো, সাংস্কৃতিক কর্মকাণ্ডে উৎসাহ, গণপরিবহণ ব্যবহারকারীদের সুবিধা, সবুজায়নের উপর জোর, বিদ্যুৎ সরবরাহ উন্নয়ন এবং রাস্তা সংস্কারের উদ্যোগ।

আরও পড়ুন ::

Back to top button