
কোচবিহারে শুভেন্দু অধিকারীর সফর ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়াল। ‘এসপি অফিস অভিযানে’ অংশ নিতে গিয়েই প্রবল প্রতিবাদের মুখোমুখি হলেন রাজ্যের বিরোধী দলনেতা। শুভেন্দু খাগড়াবাড়ি পৌঁছতেই কয়েকজন তৃণমূলের পতাকা হাতে ‘চোর’ স্লোগানে সরব হয়। অভিযোগ, তাঁকে দেখিয়ে দেখানো হয় কালো পতাকা। এরপর বিজেপি নেতার গাড়ি লক্ষ্য করে ছোড়া হয় ইট। ভেঙে যায় গাড়ির কাচও। মুহূর্তে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ঘটনার পরে মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব এবং ডিজিপিকে চিঠি দেন শুভেন্দু অধিকারী।
দলীয় কর্মসূচিতে যোগ দিতে মঙ্গলবার সকালে উত্তরবঙ্গে যান শুভেন্দু। শিলিগুড়ি থেকে গাড়িতে চেপে কোচবিহারের পথে রওনা দেন। পথে একাধিক এলাকায় প্রতিবাদের সম্মুখীন হন তিনি। তবে সবচেয়ে বেশি উত্তেজনা ছড়ায় খাগড়াবাড়িতে। সেখানে তাঁকে লক্ষ্য করে ‘চোর’ স্লোগান দেওয়া হয়, দেখানো হয় কালো পতাকা, এমনকি ছোড়া হয় ইট ও বাঁশ। তাতেই ক্ষতিগ্রস্ত হয় শুভেন্দুর গাড়ির কাচ। পুলিশ উপস্থিত থাকলেও তাৎক্ষণিক ভাবে উত্তেজনা প্রশমিত হয়নি। পরে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসে এবং শুভেন্দু আবার যাত্রা শুরু করেন।
এ ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান বিজেপি রাজ্য সভাপতি এবং কেন্দ্রীয় মন্ত্রী “সুকান্ত মজুমদার”। তিনি বলেন, “বিরোধী দলনেতার যাত্রাপথে ১৯ জায়গায় বিক্ষোভ দেখানো হয়েছে। দলের শীর্ষ নেতৃত্বের নির্দেশ ছাড়া এটা হতে পারে না।”
অন্যদিকে, তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হয়েছে, এই ঘটনার সঙ্গে তাঁদের কোনও সংযোগ নেই। যদিও উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী “উদয়ন গুহ” ‘কোচবিহারকে বিজেপি মুক্ত করার’ ডাক দিয়েছেন। এত নিরাপত্তার মাঝেও এমন হামলা কীভাবে হল, তা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন।



