রাজ্য

নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে গৌতম আদানির বৈঠক, উঠছে বিনিয়োগ জল্পনা

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে গৌতম আদানির বৈঠক, উঠছে বিনিয়োগ জল্পনা - West Bengal News 24

‘তাজপুর গভীর সমুদ্রবন্দর’ হাতছাড়া হওয়ার পরে এবারই প্রথম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করলেন আদানি গোষ্ঠীর প্রধান ‘গৌতম আদানি’। সূত্রের খবর, সোমবার তিনি রাজ্য সরকারের সদর দফতর ‘নবান্নে’ হাজির হন এবং সেখানেই মুখ্যমন্ত্রীর সঙ্গে প্রায় এক ঘণ্টা ধরে বৈঠক করেন।

জানা যাচ্ছে, এই সাক্ষাতে ‘গৌতম আদানি’ একা নন, সঙ্গে ছিলেন তাঁর পুত্র ‘করণ আদানি’। বিকেল পাঁচটা নাগাদ তাঁরা ‘নবান্নে’ প্রবেশ করেন ও সরাসরি যান মুখ্যমন্ত্রীর দফতরে। সেখানেই হয় ব্যক্তিগত আলোচনা। তবে এই আলোচনায় ঠিক কী বিষয় উঠে এসেছে, সে ব্যাপারে সরকারি ভাবে কিছু জানানো হয়নি।

উল্লেখ্য, চলতি বছরের ‘বিশ্ববাংলা বাণিজ্য সম্মেলন’-এ উপস্থিত ছিলেন না ‘গৌতম আদানি’। তখন থেকেই প্রশ্ন উঠেছিল, ‘তাজপুর প্রকল্প’ নিয়ে রাজ্য ও আদানি গোষ্ঠীর মধ্যে দূরত্ব তৈরি হয়েছে কি না। তবে এবারে সেই জট কাটিয়ে আবার মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসলেন আদানি। অভিজ্ঞ মহলের মতে, এই সাক্ষাৎ ভবিষ্যতে রাজ্যে নতুন করে বিনিয়োগের সম্ভাবনা উসকে দিতে পারে। এর আগেও মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনার পরে বিনিয়োগে উৎসাহ দেখিয়েছিল আদানি গোষ্ঠী। এমনকি ২০২২ সালে ‘তাজপুর বন্দরের’ ‘লেটার অব ইনটেন্ট’ দেওয়ার আগে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছিলেন গৌতম আদানি।

প্রসঙ্গত, মাসখানেক আগেই মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছিলেন ‘টাটা গোষ্ঠীর চেয়ারম্যান এন চন্দ্রশেখরণ’। সেই সাক্ষাৎ রাজনীতির ময়দানে আলোচনার কেন্দ্রে চলে আসে, কারণ একসময় ‘মমতা বন্দ্যোপাধ্যায়ই সিঙ্গুরে টাটার প্রকল্প রুখেছিলেন’। এতদিন পর আবার টাটার শীর্ষকর্তার আগমন এবং আলোচনার ফলে ফের রাজ্যে টাটার প্রত্যাবর্তনের সম্ভাবনাও তৈরি হয়েছিল।

আরও পড়ুন ::

Back to top button