
দেশে যখনই রেল দুর্ঘটনা ঘটেছে, তখনই যাত্রী সুরক্ষার স্বার্থে ‘কবচ’ বা ‘Automatic Train Protection System’-এর দাবি উঠে এসেছে। এবার সেই দাবি বাস্তবে রূপ নিচ্ছে। রেল মন্ত্রক জানিয়েছে, উত্তরপ্রদেশ ও মধ্যপ্রদেশের ১৪টি রেল সেকশনে ‘কবচ ৪.০’ বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই প্রকল্পের জন্য ‘৩০৯ কোটি টাকা মঞ্জুর’ করা হয়েছে।
এর আগে দিল্লি-মুম্বই করিডরের মথুরা-কোটা রুটে ‘কবচ’ প্রযুক্তি চালু করা হয়েছে। এবার তা বিস্তৃত হচ্ছে উত্তরপ্রদেশ ও মধ্যপ্রদেশের ১৪টি নতুন রেল সেকশনে। প্রাথমিক পর্যায়ে কাজ শুরু হবে বিরলানগর থেকে উদিমর পর্যন্ত রুটে। কেন্দ্রীয় সরকারের পরিকল্পনা, আগামী ছ’বছরের মধ্যে দেশের সব গুরুত্বপূর্ণ রেলপথে এই নিরাপত্তা ব্যবস্থা চালু করা।
এই প্রসঙ্গে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান, “বহু উন্নতদেশই কমপক্ষে ২০-৩০ বছরের কম সময়ে নিজেদের রেল নিরাপত্তা ব্য়বস্থা তৈরি করতে পারে না। সেই নিরিখে মথুরা-কোটা রুটে এই কবচ বসানো হয়েছে খুব অল্প সময়ে।” তাঁর কথায়, মাত্র ১৪টি রেলসেকশনের জন্যই ৩০৯ কোটি টাকা খরচ হচ্ছে—এটা থেকেই বোঝা যায় এই প্রযুক্তির বাস্তবায়ন কতটা ব্যয়বহুল। কিন্তু আসল প্রশ্ন, এই ‘কবচ’ ঠিক কী?
মূলত এটি একটি আধুনিক স্বয়ংক্রিয় ট্রেন সুরক্ষা ব্যবস্থা, যার মাধ্যমে ট্রেনচালককে রিয়েল টাইমে সতর্ক করা হয় এবং ট্রেনের গতি নিয়ন্ত্রণ করে সম্ভাব্য দুর্ঘটনা এড়ানো যায়। শীতকালে কুয়াশা ঘন থাকার কারণে চালকদের সামনে দৃষ্টিসীমা কমে যায় – এই প্রযুক্তি সেই সমস্যাও অনেকটাই দূর করে। ভারতেই তৈরি হয়েছে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তির ‘অ্যান্টি কলিশন ডিভাইস’।
তবে এখনও দেশের ৬৮ হাজার কিলোমিটারের বেশি রেলপথের মধ্যে মাত্র ‘১৫৪৮ কিমি’ ট্র্যাকে এই ‘কবচ-সুরক্ষা ব্যবস্থা’ চালু হয়েছে। তবে কেন্দ্র জানিয়েছে, প্রযুক্তিকে আরও আধুনিক ও নির্ভরযোগ্য করে তোলার প্রক্রিয়া অব্যাহত।



