শুল্কযুদ্ধের মাঝেই আমেরিকা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, দেখা করবেন ট্রাম্পের সঙ্গেও! গলবে কি সম্পর্কের বরফ?
ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

আগামী মাসে রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদে যোগ দিতে আমেরিকা পাড়ি দেবেন মোদি। সেই সফরের অংশ হিসেবেই পরিকল্পনা রয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে একটি দ্বিপাক্ষিক বৈঠকের। এক সর্বভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, এই বৈঠক নিয়েই এখন কূটনৈতিক মহলে জল্পনা তুঙ্গে।
সম্প্রতি রুশ তেল আমদানির কারণে ভারতের উপর অতিরিক্ত শুল্ক আরোপ করেছেন ট্রাম্প। তিনি স্পষ্ট করে দিয়েছেন, শুল্ক সমস্যা মেটানো না পর্যন্ত বাণিজ্য নিয়ে ভারতের সঙ্গে আর কোনো আলোচনা হবে না। ফলে ভারত-মার্কিন বাণিজ্য চুক্তির ভবিষ্যৎ কার্যত অনিশ্চিত। এই পরিস্থিতিতে ‘বন্ধু’ ট্রাম্পের সঙ্গে মোদির সরাসরি কথোপকথন কি সম্পর্কের অচলাবস্থা কাটাতে পারবে, সেদিকেই নজর সকলের।
খবর অনুযায়ী, সেপ্টেম্বরের শেষদিকে নিউ ইয়র্কে একাধিক রাষ্ট্রনেতার সমাগম হবে। সেখানে ট্রাম্প ছাড়াও ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি সহ অন্যান্য বিশ্বনেতার সঙ্গেও মোদির বৈঠক হতে পারে। তবে সব কিছুর মধ্যে ট্রাম্প-মোদি বৈঠকই যে সবচেয়ে বেশি কৌতূহল সৃষ্টি করবে, তা বলাই বাহুল্য। বছরের শুরুতে মার্কিন সফরে গিয়ে মোদি ট্রাম্পের সঙ্গে দেখা করেছিলেন। মাত্র সাত মাস পর ফের হোয়াইট হাউসে এই বৈঠক যে বাড়তি গুরুত্ব বহন করবে, তা নিশ্চিত।
প্রথমবার প্রেসিডেন্ট থাকাকালীন ট্রাম্প-মোদি সম্পর্ক ছিল সৌহার্দপূর্ণ। কিন্তু দ্বিতীয় দফায় ক্ষমতায় ফিরেই ট্রাম্প যেন কিছুটা অস্থির মেজাজের পরিচয় দিচ্ছেন, যার প্রভাব পড়েছে দুই দেশের সম্পর্কেও। যদিও সম্প্রতি তিনি বারবার মোদিকে ‘বন্ধু’ বলে উল্লেখ করেছেন, তবুও শুল্ক বৃদ্ধির সিদ্ধান্ত নয়াদিল্লির কাছে বন্ধুত্বপূর্ণ মনে হয়নি। তাই আসন্ন বৈঠকে মুখোমুখি আলোচনা কী ফল বয়ে আনে, সেদিকেই দৃষ্টি সবার। এর আগে অবশ্য ১৫ আগস্ট পুতিন-ট্রাম্প বৈঠকের ফলাফলও ভারতের কূটনৈতিক পরিকল্পনায় প্রভাব ফেলতে পারে।



