
রোহিত শর্মাকে সরিয়ে ভারতের ওয়ানডে দলের নেতৃত্বে আসছেন শ্রেয়স আইয়ার? সাম্প্রতিক সময়ে এই জল্পনা ছড়িয়ে পড়েছে ক্রিকেট মহলে। অস্ট্রেলিয়া সফরের পরই রোহিতের আন্তর্জাতিক ক্যারিয়ার ও অধিনায়কত্বে বিরতি টানা হতে পারে বলে দাবি করেছে বিভিন্ন সংবাদমাধ্যম। তবে এ বিষয়ে এবার সরাসরি প্রতিক্রিয়া দিল বিসিসিআই। বোর্ডের সচিব দেবজিৎ সাইকিয়া স্পষ্ট জানালেন, এখনও পর্যন্ত এমন কোনো আলোচনা বোর্ডের মধ্যে হয়নি।
ভারতীয় দলে অধিনায়ক নির্বাচন করার দায়িত্ব মূলত নির্বাচকদের হাতে থাকে। তবে কোচিং স্টাফ ও বোর্ড কর্তাদের মতামতও সেখানে প্রভাব ফেলে। বিশেষ করে ভারতীয় ক্রিকেটে নেতৃত্বের প্রশ্নে বোর্ডের অনুমোদন ছাড়া কোনো সিদ্ধান্ত কার্যকর হয় না। ফলে শ্রেয়স আইয়ারকে নিয়ে যতই আলোচনা চলুক না কেন, বোর্ড কর্তাদের সম্মতি ছাড়া তাঁর হাতে অধিনায়কত্বের দায়িত্ব অর্পণ সম্ভব নয়। শ্রেয়সকে কি সত্যিই নেতৃত্বের জন্য ভাবা হচ্ছে? এই প্রশ্নে বোর্ড সচিবের মন্তব্য— “এই খবরটা তো আমিও আপনাদের কাছ থেকেই শুনলাম। এখনও এ নিয়ে কোনও আলোচনা হয়নি।”
এদিকে রোহিত শর্মা বর্তমানে অনুশীলন করছেন ভারতের প্রাক্তন সহকারী কোচ অভিষেক নায়ারের সঙ্গে। তবে তাঁকে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে দেখা যাবে, এমন সম্ভাবনা কার্যত নেই বলেই শোনা যাচ্ছে। জানা যাচ্ছে, ইতিমধ্যেই ‘প্রোজেক্ট রোহিত’ শুরু করেছে বোর্ডের প্রভাবশালী মহল। গুঞ্জন উঠেছে, আসন্ন অস্ট্রেলিয়া সিরিজই হয়তো রোহিতের অধিনায়কত্বের শেষ অধ্যায় হতে পারে। আগামী অক্টোবরে অস্ট্রেলিয়ায় তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলবে ভারত। সেখানেই নাকি রোহিতের জন্য সম্মানজনক অবসরের সুযোগ তৈরি করা হবে। তিনি স্বেচ্ছায় না সরে দাঁড়ালে, সিরিজের পর নতুন অধিনায়ক নির্বাচিত করা হবে।
আরও চমক রয়েছে এই দৌড়ে। সম্ভাব্য ওয়ানডে অধিনায়ক হওয়ার তালিকায় যেমন আছেন গম্ভীরের পছন্দের শুভমান গিল, তেমনই আছেন গম্ভীরের ‘অপছন্দে’র তারকা শ্রেয়স আইয়ারও। যদিও বোর্ডের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, এখনও পর্যন্ত নেতৃত্ব পরিবর্তন নিয়ে কোনো সিদ্ধান্ত বা আলোচনাই হয়নি।



