দক্ষিণেশ্বর–শহিদ ক্ষুদিরাম রুটে বাড়ছে মেট্রোর সংখ্যা, সামান্য বদল শেষ ট্রেনের সময়সূচিতে
ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

গত শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কলকাতায় এসে একসঙ্গে তিনটি নতুন মেট্রো রুটের উদ্বোধন করেন। এর ফলে শিয়ালদহ থেকে হাওড়া পর্যন্ত করুণাময়ী হয়ে সংযোগ স্থাপন হয়েছে। একই সঙ্গে দমদম–নোয়াপাড়া হয়ে বিমানবন্দরের পথও খুলে গেছে। এতে শহরের যাতায়াত আরও গতিশীল হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এই পরিস্থিতিতেই কলকাতা মেট্রো রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত ব্লু লাইনে মেট্রোর সংখ্যা বাড়ানো হচ্ছে।
দক্ষিণেশ্বর–শহিদ ক্ষুদিরাম মেট্রো করিডরে যাত্রী ভিড় সবসময়ই বেশি থাকে। এখন নতুন দুটি রুট সংযুক্ত হওয়ায় যাত্রী চাপ আরও বাড়বে বলে অনুমান। তাই যাত্রী সুবিধার্থে ট্রেন সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগে আপ ও ডাউন মিলিয়ে এই রুটে চলত ২৬২টি মেট্রো। এখন থেকে তা বেড়ে হবে ২৮৪টি। আগামীকাল সোমবার থেকেই নতুন সূচি কার্যকর হবে।
তবে ট্রেনের সময়সূচিতে কী পরিবর্তন আসছে? মেট্রো রেল সূত্রে জানা গিয়েছে, দিনের প্রথম মেট্রো ছাড়ার সময়ে কোনও পরিবর্তন নেই। তবে শেষ মেট্রোর সূচিতে সামান্য পরিবর্তন করা হয়েছে। আগে শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বরগামী শেষ মেট্রো ছাড়ত রাত ৯টা ৩৩ মিনিটে, এখন থেকে ছাড়বে রাত ৯টা ৩৪ মিনিটে। আবার শহিদ ক্ষুদিরাম থেকে দমদমগামী শেষ মেট্রো ছাড়ত রাত ৯টা ৪৩ মিনিটে, সোমবার থেকে তা ছাড়বে রাত ৯টা ৪৪ মিনিটে। তবে শনিবার ও রবিবারের ট্রেন সূচিতে কোনও পরিবর্তন থাকছে না।



