দরজা না বন্ধ হওয়ায় শোভাবাজারে আটকে রইল মেট্রো, অর্ধঘণ্টা ভোগান্তিতে যাত্রীরা
ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

দরজা সঠিকভাবে না বন্ধ হওয়ায় শোভাবাজার সুতানুটি স্টেশনে প্রায় ৩০ মিনিট ধরে থেমে ছিল দমদমগামী মেট্রো। বৃহস্পতিবার সন্ধ্যায় ঘটে যাওয়া এই ঘটনার ফলে ওই রুটে মেট্রো চলাচল সম্পূর্ণ ব্যাহত হয়। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একাধিকবার প্রযুক্তিগত সমস্যায় নাজেহাল হয়েছেন যাত্রীরা।
কলকাতা মেট্রোর ব্লু লাইনে এ ধরনের সমস্যা এখন নিত্যদিনের ঘটনায় পরিণত হয়েছে। কখনও ট্রেন দেরিতে আসে, কখনও আবার দরজা বন্ধ হতে গিয়ে সমস্যা তৈরি হয়। নির্ধারিত সময়ের তুলনায় দেরি হওয়ায় যাত্রীদের দুর্ভোগ আরও বাড়ছে। শোভাবাজারে দরজা খোলা অবস্থায় দাঁড়িয়ে পড়ায় দক্ষিণেশ্বরগামী রুটের একাধিক স্টেশনে ভিড় ঠাসা হয়ে যায়। পুজোর মরশুমে তার উপর অফিসফেরত যাত্রীদের চাপে ট্রেন ওঠানামা করা কার্যত দুষ্কর হয়ে ওঠে। কেন বারবার মেট্রোর প্রাথমিক স্টেশনগুলোতেই এ ধরনের বিভ্রাট দেখা দিচ্ছে, তা নিয়ে প্রশ্ন উঠছে নানা মহলে।
এদিকে, মেট্রো কর্তৃপক্ষ আগেই জানিয়েছে যে আগামী রবিবার মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত পরিষেবা সম্পূর্ণ বন্ধ থাকবে। মেট্রোর তরফে জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, শহিদ ক্ষুদিরাম স্টেশনে ৩০ আগস্ট শনিবার রাত ১১টা থেকে ৩১ আগস্ট রবিবার দুপুর ৩টে পর্যন্ত রক্ষণাবেক্ষণের কাজ চলবে। ফলে বিকেল ৪টার আগে মেট্রো চলাচল শুরু হবে না।
তবে একই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ওইদিন মিসলেনিয়াস সার্ভিস রিক্রুটমেন্ট এক্সামিনেশন বোর্ড-এর পরীক্ষা উপলক্ষে বিশেষ মেট্রো চালানো হবে। রবিবার সকাল ৭টায় মহানায়ক উত্তম কুমার থেকে দক্ষিণেশ্বর এবং দক্ষিণেশ্বর থেকে মহানায়ক উত্তম কুমার পর্যন্ত একটি করে ট্রেন চলবে। পাশাপাশি, গ্রিন লাইনে সেদিন সকাল ৯টার বদলে সকাল ৮টা থেকেই পরিষেবা চালু হবে।



