SCO সম্মেলনে একসঙ্গে মোদি-জিনপিং-পুতিন, আরও দৃঢ় ট্রাম্পবিরোধী ফ্রন্ট
ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

ডোনাল্ড ট্রাম্পের আমেরিকার মোকাবিলায় আরও শক্তিশালী হয়ে উঠল ভারত-চিন-রাশিয়া জোট। সোমবার অনুষ্ঠিত এসসিও সম্মেলনে (SCO Summit 2025) এক ফ্রেমে দেখা গেল তিন দেশের প্রধানকে। হাসি-আড্ডায় মেতে উঠলেন নরেন্দ্র মোদি (Narendra Modi), শি জিনপিং (Xi Jinping) এবং ভ্লাদিমির পুতিন (Vladimir Putin)। এর আগের দিনই শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করে দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুত করার বার্তা দিয়েছিলেন মোদি। সোমবার তাঁর কর্মসূচিতে রয়েছে ‘পুরনো বন্ধু’ পুতিনের সঙ্গে বৈঠকও।
জিনপিংয়ের সঙ্গে রবিবারের বৈঠকের পর মোদি বলেন, “সীমান্ত সমস্যার বিষয়ে আমাদের বিশেষ প্রতিনিধিদের মধ্যে একটি চুক্তি হয়েছে। কৈলাস মানস সরোবর যাত্রা ফের শুরু হয়েছে। দুই দেশের মধ্যে সরাসরি বিমান চলাচলও আবার শুরু হচ্ছে। দুই দেশের ২৮০ কোটি মানুষের স্বার্থ আমাদের সহযোগিতার সঙ্গে জড়িত। এটি সমগ্র মানবতার কল্যাণের পথ প্রশস্ত করবে।” পরে সাংবাদিকদের উদ্দেশে বিদেশসচিব বিক্রম মিসরি জানান, ভারত ও চিন এখন আর প্রতিদ্বন্দ্বী নয়, বরং অংশীদার হিসেবে এগিয়ে চলবে।
অতীতের বিরোধ মুছে ভারত-চিন সম্পর্ক নতুন পথে হাঁটছে। সেই প্রেক্ষাপটেই সোমবার পুতিনের সঙ্গে বৈঠকে বসবেন মোদি। উল্লেখযোগ্য বিষয়, রুশ তেল কেনার কারণেই ট্রাম্প প্রশাসন ভারতীয় রপ্তানি পণ্যের উপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক বসিয়েছে। মার্কিন চাপ সত্ত্বেও ভারত রুশ তেল আমদানি বন্ধ করেনি, বরং বিপুল পরিমাণ অর্ডার দিয়েছে। পাল্টা রাশিয়ার পক্ষ থেকেও আশ্বাস এসেছে যে ভারতীয় পণ্যের জন্য তাদের বাজার আরও উন্মুক্ত করা হবে।
সব মিলিয়ে, চিন ও রাশিয়ার সঙ্গে ভারতের ঘনিষ্ঠতা ক্রমশ বেড়েই চলেছে। মোদির এই সম্পর্ক মার্কিন প্রাক্তন প্রেসিডেন্ট ট্রাম্পের অস্বস্তি আরও বাড়াতে পারে। সেই উষ্ণ সম্পর্কের চিত্রই ধরা পড়ল সোমবারের এসসিও বৈঠকের শুরুতে। খোশমেজাজে সময় কাটাতে দেখা গেল তিন রাষ্ট্রনেতাকে। এর পাশাপাশি, পুতিনের সঙ্গে বৈঠকের আগে প্লেনারি সেশনে বক্তব্য রাখবেন মোদি। সেখানে এসসিওর আওতায় আঞ্চলিক সহযোগিতা জোরদার করতে ভারতের উদ্যোগের দিকেই আলোকপাত করবেন তিনি।



