রাজ্য

দুর্গাপুজোর আগে বাড়তি চমক, আরও দুটি এসি লোকাল চালু করছে পূর্ব রেল

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

দুর্গাপুজোর আগে বাড়তি চমক, আরও দুটি এসি লোকাল চালু করছে পূর্ব রেল - West Bengal News 24

শিয়ালদহ ডিভিশনে শিগগিরই যুক্ত হচ্ছে আরও দুটি এসি লোকাল। সোমবারই রেলের তরফে নতুন পরিষেবার ঘোষণা হয়েছিল। এবার আনুষ্ঠানিকভাবে দিনক্ষণও জানিয়ে দেওয়া হল। আগামী ৫ সেপ্টেম্বর থেকে চালু হচ্ছে নতুন এক জোড়া এসি লোকাল ট্রেন। একটির রুট শিয়ালদহ-বনগাঁ এবং অন্যটি শিয়ালদহ-কৃষ্ণনগর শাখায় চলাচল করবে। উল্লেখ্য, মাত্র এক মাস আগে শিয়ালদহ-রানাঘাট লাইনে প্রথমবার এসি লোকাল চালু হয়েছিল। যাত্রীদের উৎসাহ দেখে এবার আরও দুটি লোকাল চালু করার সিদ্ধান্ত নিল পূর্ব রেল।

রানাঘাট থেকে ছেড়ে আসা এসি লোকাল প্রথমে বনগাঁ পৌঁছবে। প্রতিদিন সকাল ৭টা ১১ মিনিটে ট্রেনটি রানাঘাট থেকে ছাড়বে এবং বনগাঁ পৌঁছবে সকাল ৮টা ৫২ মিনিটে। সেখান থেকে আবার ছেড়ে গিয়ে সকাল ৯টা ৩৭ মিনিটে শিয়ালদহ পৌঁছবে। অপরদিকে সন্ধ্যায় ৬টা ১৪ মিনিটে শিয়ালদহ থেকে ছেড়ে ওই ট্রেন বনগাঁ পৌঁছবে রাত ৮টা ৪ মিনিটে। বনগাঁ থেকে রানাঘাটে ফেরার সময় হবে রাত ৮টা ৪১ মিনিট। শিয়ালদহ-বনগাঁ রুটে নির্দিষ্ট কিছু স্টেশনে ট্রেন থামবে। এর মধ্যে রয়েছে বিধাননগর, দমদম, দমদম ক্যান্টনমেন্ট, মধ্যমগ্রাম, বারাসত, দত্তপুকুর, হাবরা, গোবরডাঙা ও ঠাকুরনগর।

অন্যদিকে শিয়ালদহ-কৃষ্ণনগর শাখার এসি লোকাল ছাড়বে শিয়ালদহ থেকে সকাল ৯টা ৪৮ মিনিটে। এটি কৃষ্ণনগরে পৌঁছবে দুপুর ১২টা ০৭ মিনিটে। তারপর দুপুর ১টা ৩০ মিনিটে কৃষ্ণনগর থেকে ছেড়ে ট্রেনটি ফের বিকেল ৩টা ৪০ মিনিটে শিয়ালদহ আসবে। রেল মনে করছে, নবদ্বীপ ও মায়াপুরগামী বহু পর্যটক ও তীর্থযাত্রীর জন্য এই এসি লোকাল যাতায়াতের গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠবে।

অন্যদিকে সেপ্টেম্বরের শেষেই শুরু হচ্ছে দুর্গাপুজো। পুজোর ভিড় সামলাতে এবং যাত্রীদের আরামদায়ক পরিষেবা দেওয়ার জন্যই এই নতুন ট্রেন চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার এক সাংবাদিক বৈঠকে শিয়ালদহের ডিআরএম রাজীব সাক্সেনা ঘোষণা করেন, মেট্রোতে নতুন পরিষেবার ফলে যাত্রী বেড়েছে। তার সঙ্গে তাল মিলিয়ে লোকালে এসি রেক বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও রেলের তরফে জানানো হয়েছে।

আরও পড়ুন ::

Back to top button