
বলিউডের তারকাদের ব্যক্তিগত জীবন ভক্তদের কাছে সবসময়ই কৌতূহলের বিষয়। আর এবার আলোচনায় এসেছেন অভিনেত্রী ও প্রযোজক দিব্যা খোসলা কুমার।
কোটি কোটি টাকার মালিক হয়েও চরিত্রের প্রয়োজনে তাঁকে বস্তিতে থাকতে হয়েছে এবং ঘরের সব কাজ নিজ হাতে করতে হয়েছে।
শিগগিরই মুক্তি পাচ্ছে দিব্যা খোসলা কুমার ও নীল নীতিন মুকেশ অভিনীত ‘এক চতুর নার’। সিনেমাটিতে দিব্যাকে দেখা যাবে এক দরিদ্র মহিলার চরিত্রে। পরিচালক উমেশ শুক্লার নির্দেশনায় বাস্তব অভিজ্ঞতা অর্জনের জন্য দিব্যাকে লখনউয়ের বাদশা নগরের একটি বস্তিতে মাসের পর মাস থাকতে হয়েছিল।
সেখানে তিনি ঝাড়ু দেওয়া, মুছা, রান্নাসহ সব গৃহকর্ম করেছেন নিজ হাতে। এমনকি স্থানীয় উপভাষাও শিখেছেন। দিব্যার ভাষায় তিনি এক মাস ধরে দুর্গন্ধযুক্ত নর্দমার পাশে থেকেছেন এবং ধীরে ধীরে এই কঠিন পরিবেশের সঙ্গে মানিয়ে নিয়েছেন।
বিলাসবহুল জীবন থেকে চরিত্রের জন্য ত্যাগ
দিব্যা খোসলা কুমার শুধু অভিনেত্রী নন, তিনি টি-সিরিজের কর্ণধার ভূষণ কুমারের স্ত্রী। ২০২২ সালের হুরুন ইন্ডিয়া তালিকা অনুযায়ী ভূষণ কুমার ভারতের অন্যতম ধনী ব্যক্তি। তাঁর সম্পদের পরিমাণ আনুমানিক ১০,০০০ কোটি টাকা। অন্যদিকে দিব্যার নিজস্ব সম্পদ প্রায় ৪২ কোটি টাকা। অর্থ ও বিলাসিতার অভাব না থাকলেও, সিনেমার চরিত্র ফুটিয়ে তুলতে তিনি সাধারণ মানুষের মতো জীবনযাপন করেছেন।
সিনেমার অন্যান্য শিল্পী
‘এক চতুর নার’ (Ek Chatur Naar) ছবিতে দিব্যা ও নীল নীতিন মুকেশ ছাড়াও অভিনয় করেছেন সুশান্ত সিং, যশপাল শর্ম এবং ছায়া কদম। সিনেমাটি আগামী ১২ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে।
ব্যক্তিগত জীবন
২০০৫ সালে দিব্যা খোসলা কুমার ও ভূষণ কুমার বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাঁদের এক পুত্রসন্তান রয়েছে। মাঝে মধ্যে দাম্পত্য জীবন নিয়ে গুঞ্জন উঠলেও, এই দম্পতি কখনও প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি।



