ইতিহাস বিকৃতির অভিযোগে মামলা, কিন্তু হাই কোর্টে খারিজ ‘দ্য বেঙ্গল ফাইলস’ বিতর্ক
ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

‘দ্য বেঙ্গল ফাইলস’ ছবিকে ঘিরে গোপাল পাঁঠা ওরফে গোপাল মুখোপাধ্যায়ের নাতির করা মামলা খারিজ করল কলকাতা হাই কোর্ট। বিচারপতি অমৃতা সিনহা জানিয়ে দেন, এই ধরনের আবেদন এই আদালতের অধিকারভুক্ত নয়। তবে তিনি উল্লেখ করেন, চাইলে মামলাকারী উপযুক্ত ফোরামে এই বিষয়ে আবেদন করতে পারবেন। ফলে তথ্যের অধিকার আইনের ভিত্তিতে দায়ের হওয়া এই মামলা আদালত থেকে খারিজ হয়ে যায়।
ট্রেলার প্রকাশের পর থেকেই পরিচালক বিবেক অগ্নিহোত্রীর রাজনৈতিক থ্রিলারকে কেন্দ্র করে বিতর্ক তুঙ্গে। অভিযোগ উঠেছে, ছবিতে বাংলার ইতিহাস বিকৃত করা হয়েছে এবং ছাব্বিশের বিধানসভা ভোটের আগে প্রোপাগান্ডা ছড়াতে সিনেমাটি ব্যবহার করা হচ্ছে। বিশেষ করে ছেচল্লিশের ‘গ্রেটার ক্যালকাটা কিলিং’-এর প্রেক্ষিতে গোপাল মুখোপাধ্যায়কে ‘কষাই গোপাল পাঁঠা’ হিসেবে উপস্থাপন করায় প্রবল ক্ষোভ তৈরি হয়েছে। এরই জেরে গোপাল পাঁঠার নাতি হাই কোর্টের দ্বারস্থ হন।
তাঁর অভিযোগ ছিল, সিনেমায় গোপাল পাঁঠার চরিত্রের যে চিত্র তুলে ধরা হয়েছে, তার কোনও পরিষ্কার তথ্যসূত্র নেই। আরটিআই-এর মাধ্যমে এই তথ্য জানতে চাইলে নির্মাতাদের পক্ষ থেকে সন্তোষজনক উত্তর মেলেনি। এমনকি ছবির দুটি নির্দিষ্ট অংশ বাদ দেওয়ার দাবিও জানান তারা। তবে আদালত সেই মামলা খারিজ করে দেয় এবং জানায়, প্রয়োজনে অন্যত্র আবেদন জানানো যেতে পারে।
এদিকে বিবেক অগ্নিহোত্রীর ‘ফাইলস’ সিরিজের তৃতীয় সিনেমা ‘দ্য দিল্লি ফাইলস’। ইতিমধ্যেই অভিযোগ উঠেছে, তিনি ইতিহাস বিকৃত করে বাংলার ভাবমূর্তিকে কলঙ্কিত করেছেন। ‘দ্য বেঙ্গল ফাইলস’ মুক্তির পর থেকে রাজনৈতিক মহলে তুমুল আলোচনা চলছে। শাসক-বিরোধী দুই শিবিরের মধ্যে পাল্টাপাল্টি বক্তব্যে সরগরম রাজনীতি। প্রসঙ্গত, ২০২১-এর বিধানসভা নির্বাচনে বাংলায় ব্যর্থ হয়েছিল বিজেপি। এখন লক্ষ্য ২০২৬-এর ভোট। রাজনৈতিক মহলের দাবি, নির্বাচনের আগে জনমত প্রভাবিত করতেই ‘দ্য বেঙ্গল ফাইলস’-এর মতো ছবি কাজে লাগাতে চাইছে গেরুয়া শিবির।



