‘ভেবেছিলাম পাকিস্তানের সঙ্গে সব বন্ধ হবে’- ভারত-পাক ম্যাচ নিয়ে এবার ক্ষোভ উগরে দিলেন হরভজন সিং
ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

অপারেশন সিঁদুরের পর ভারত-পাকিস্তান ম্যাচ হওয়া নিয়েই উঠেছিল প্রবল বিতর্ক। অবসরপ্রাপ্ত একাধিক ভারতীয় ক্রিকেটার পাকিস্তানের বিরুদ্ধে খেলতে অস্বীকার করেছিলেন। কিন্তু তবুও এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে টিম ইন্ডিয়া। বিসিসিআইয়ের এই সিদ্ধান্তে খুশি নন বিশ্বকাপজয়ী স্পিনার ভাজ্জি।
কিছুদিন আগেই বিশ্ব লেজেন্ডস লিগে অংশ না নিয়েছিলেন শিখর ধাওয়ান, ইউসুফ পাঠানরা। ভারতীয় দল তখন সাফ জানিয়েছিল, পাকিস্তানের বিরুদ্ধে তারা খেলবে না। পহেলগাঁও হামলার প্রতিবাদে গ্রুপ পর্বেও পাকিস্তানের বিপক্ষে নামেনি ভারতীয় দল। চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ হারালেও তাঁদের একটাই বক্তব্য ছিল—“আমাদের দেশ সকলের উপরে। ইন্ডিয়াকে লিয়ে কুছ ভি।”
সেই দলের সদস্য ছিলেন হরভজনও। তাঁর মন্তব্য, “পহেলগাঁও হামলার পরে সকলেই বলছিলেন, পাকিস্তানের সঙ্গে খেলা, ব্যবসা কিছুই করবে না ভারত। আমরা বিশ্ব লেজেন্ডস লিগে খেলতে গিয়েছিলাম, কিন্তু পাকিস্তানের বিরুদ্ধে নামিনি।” তাঁর আরও বক্তব্য, “প্রত্যেকের আলাদা চিন্তাভাবনা রয়েছে, আলাদারকম আমাদের মানসিকতা। কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি, দুই দেশের সম্পর্কে উন্নতি হলে তবেই ম্যাচ হওয়া উচিত। সরকার যদি ম্যাচ খেলার অনুমতি দেয়, তাহলে ম্যাচ হতেই পারে। কিন্তু খেলার আগে দ্বিপাক্ষিক সম্পর্কে উন্নতি হওয়া দরকার।”
অন্যদিকে বিসিসিআই স্পষ্ট জানিয়েছে, বহুদেশীয় টুর্নামেন্টে ভারতকে নিয়ম মেনে খেলতেই হবে। কেন্দ্রীয় সরকারের নির্দেশই চূড়ান্ত বলে মানবে বোর্ড। আন্তর্জাতিক বা মহাদেশীয় প্রতিযোগিতায় পাকিস্তানের বিপক্ষে নামায় কোনও বাধা নেই। তবে দ্বিপাক্ষিক সিরিজের ক্ষেত্রে ‘শত্রু’ দেশের বিরুদ্ধে মাঠে নামবে না ভারত।



