
মহাষষ্ঠীর সন্ধ্যায় নানুরের হাটসেরান্দিতে পরিবারের ঐতিহ্যবাহী দুর্গাপুজোয় উপস্থিত হলেন তৃণমূলের প্রভাবশালী নেতা অনুব্রত মণ্ডল। সঙ্গে ছিলেন তাঁর মেয়ে সুকন্যা মণ্ডলও। মেয়ের আবদারে প্রতিমার সামনে সেলফি তুলতে দেখা গেল কেষ্টকে।
বীরভূমের নানুর থানার হাটসেরান্দি গ্রামে দীর্ঘদিন ধরে অনুষ্ঠিত হয়ে আসছে মণ্ডল পরিবারের শতাব্দী প্রাচীন দুর্গাপুজো। স্থানীয়রা একে ‘অনুব্রত মণ্ডলের গ্রামের বাড়ির পুজো’ নামেই চেনেন। প্রতিবছরই এই উৎসবে যোগ দেন অনুব্রত এবং সুকন্যা। চারদিনের এই আয়োজনকে ঘিরে গ্রামজুড়ে থাকে উৎসবমুখর পরিবেশ ভোজ, ভিড়, রাজনৈতিক নেতা-মন্ত্রীদের আগমন ইত্যাদি। তবে কয়েক বছর জেলবন্দি থাকায় অনুব্রত পুজোয় থাকতে পারেননি। গতবছর ফের পুজোয় যোগ দেন তিনি, এবছরও সেই ধারা বজায় রইল।
ষষ্ঠীর সকালে কন্যাকে নিয়ে গ্রামে পৌঁছে প্রতিমার গয়না সাজানোর কাজ দেখেন তিনি। গ্রামবাসীদের সঙ্গে আড্ডা দেন এবং খাওয়া-দাওয়ার প্রস্তুতি খতিয়ে দেখেন।
কেষ্ট বলেন, “গ্রামের বাড়ির পুজো ভালো লাগারই। ছোটবেলায় যখন আসতাম রাস্তাঘাট মাটির ছিল। পুজোর দিন বৃষ্টি পড়লে পড়ে যেতাম। জামা-প্যান্ট ভিজে যেত। কাঁদতাম। তা সত্ত্বেও আলাদা একটা এনার্জি ছিল।” তিনি আরও জানান, “আমার দাদুরা পাঁচ ভাই ছিলেন। তার মধ্যে ২ ভাইয়ের কোনও সন্তান ছিল না। এই পুজো কমপক্ষে ১৪০ থেকে ১৫০ বছরের। তবে আমাদের অরিজিনাল পুজো নানুরের বঙ্গছত্রের। আমি চাই পুরো বীরভূম জেলার মানুষ ভালো থাকুক, মা যেন সবাইকে ভালো রাখেন, এই কামনায় আমি প্রতি বছরের মতো ৪ দিন পুজো দেব।”



