উত্তরবঙ্গে দুর্যোগ! আলিপুরদুয়ার–জলপাইগুড়িতে লাল সতর্কতা, দক্ষিণে স্বস্তির বৃষ্টি
ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

ওড়িশার ওপর তৈরি হওয়া নিম্নচাপটি বর্তমানে উত্তর ওড়িশা, ঝাড়খণ্ড ও ছত্তিশগড় অঞ্চলে অবস্থান করছে। এর জেরে দক্ষিণবঙ্গে বৃষ্টির তীব্রতা কিছুটা হ্রাস পাবে, তবে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে। আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলায় প্রবল বৃষ্টির লাল সতর্কতা জারি করা হয়েছে। দার্জিলিং, কালিম্পং, কোচবিহার ও উত্তর দিনাজপুরে রয়েছে কমলা সতর্কতা, আর মালদহ ও দক্ষিণ দিনাজপুরে জারি হয়েছে হলুদ সতর্কতা। উত্তরবঙ্গ সংলগ্ন মুর্শিদাবাদ জেলাতেও ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
শনিবার সকালে দক্ষিণবঙ্গের আকাশ মূলত মেঘাচ্ছন্ন থাকবে। মুর্শিদাবাদে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও, অন্য জেলাগুলিতে বজ্রবিদ্যুৎসহ কয়েক দফা বৃষ্টি হতে পারে। রবিবার কলকাতাসহ প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বিশেষ করে দুপুর থেকে সন্ধ্যার মধ্যে। সোমবার বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় বৃষ্টির সম্ভাবনা প্রবল হলেও ভারী বৃষ্টির আশঙ্কা নেই। বুধবারের পর থেকে বৃষ্টি ধীরে ধীরে কমবে বলে পূর্বাভাস।
শনিবার কলকাতায় আকাশ থাকবে মেঘলা, তবে বৃষ্টির সম্ভাবনা খুব কম। রবিবার সন্ধ্যার দিকে দু-এক পশলা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে, তবে অতিভারী বৃষ্টির আশঙ্কা নেই। আজ সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ২৭.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.৩ ডিগ্রি বেশি। আগামী ২৪ ঘণ্টায় কলকাতার তাপমাত্রা থাকবে ২৫ থেকে ৩০ ডিগ্রির মধ্যে। এদিন শহরে বৃষ্টিপাত হয়েছে প্রায় ৬.২ মিলিমিটার।
দক্ষিণবঙ্গে তুলনামূলকভাবে বৃষ্টি কম হলেও, উত্তরবঙ্গে পরিস্থিতি বেশ প্রতিকূল। আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে প্রবল বৃষ্টির লাল সতর্কতা বহাল রয়েছে, এবং এই দুই জেলার কিছু এলাকায় বৃষ্টিপাত ২০০ মিলিমিটারেরও বেশি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। রবিবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহারে অতিভারী বৃষ্টির কমলা সতর্কতা, উত্তর দিনাজপুরে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। অন্য জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস বজায় রয়েছে।



