অজি সফরের দল ঘোষণার সঙ্গেই নির্ধারিত হতে পারে রোহিতের ভবিষ্যৎ! নতুন অধিনায়ক কি শুভমান গিল?
ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

সামনে অস্ট্রেলিয়া সফর। সব কিছু ঠিক থাকলে শনিবারই ঘোষণা হবে ভারতের দল। চ্যাম্পিয়ন্স ট্রফির পর দেশের জার্সিতে ফিরছেন দুই তারকা রোহিত শর্মা ও বিরাট কোহলি। দু’জনেরই কামব্যাক প্রায় নিশ্চিত। তবে প্রশ্ন একটাই রোহিতই কি থাকবেন অধিনায়ক হিসেবে, নাকি গড়ে তোলা হবে নতুন নেতৃত্ব? ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত কি হিটম্যানকেই দায়িত্বে রাখা হবে, নাকি এখন থেকেই শুভমান গিলকে তৈরি করা হচ্ছে? সেই সিদ্ধান্তই হয়তো নির্ভর করবে এই নির্বাচনের ওপর।
সূত্রের দাবি, “নির্বাচন কমিটির আলোচনায় সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট হতে পারে অধিনায়কত্ব নিয়ে। রোহিতকে অধিনায়ক হিসেবেই এখন ফেরানো হচ্ছে। কিন্তু এটা পরিষ্কার, রোহিতের সঙ্গে এই নিয়ে স্পষ্ট আলোচনা করবেন নির্বাচকরা। এটাও খেয়াল রাখতে হবে, রোহিত সম্প্রতি বেঙ্গালুরুতে ফিটনেস টেস্টে পাশ করেছেন।”
রোহিত সম্প্রতি ২০ কেজি ওজন কমিয়ে বিসিসিআইয়ের ফিটনেস টেস্টে সফল হয়েছেন। তিনি শেষবার মাঠে নামেন আইপিএলের সময়। দীর্ঘ বিরতির পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে পুরনো ছন্দে ফেরা তাঁর কাছে বড় চ্যালেঞ্জ। যদি ব্যাট না চলে, তবে শুভমান গিলকে অধিনায়ক হিসেবে প্রস্তুত করা হতে পারে। কিছু সূত্রের মতে, শ্রেয়স আইয়ারের নামও উঠতে পারে ভবিষ্যৎ ওয়ানডে অধিনায়ক হিসেবে।
এছাড়াও নজর রয়েছে হার্দিক পাণ্ডিয়া ও ঋষভ পন্থকে নিয়েও। এশিয়া কাপে চোট পেয়ে ফাইনাল খেলতে পারেননি হার্দিক। অন্যদিকে, ইংল্যান্ডে টেস্ট চলাকালীন পায়ের পাতায় চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন পন্থ। তিনি এশিয়া কাপ তো বটেই, ওয়েস্ট ইন্ডিজ সিরিজেও খেলতে পারেননি। ফলে অস্ট্রেলিয়া সফরে নামার সম্ভাবনাও খুবই কম।
অজিভূমিতে ভারতের সফর শুরু হবে ১৯ অক্টোবর পারথ স্টেডিয়ামে প্রথম ওয়ানডে দিয়ে। দ্বিতীয় ম্যাচ ২৩ অক্টোবর অ্যাডিলেডে, তৃতীয়টি ২৫ অক্টোবর সিডনিতে। টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসর নেওয়া কোহলি ও রোহিতকে ফের ওয়ানডে ফরম্যাটে দেখতে উচ্ছ্বসিত ভক্তরা। ওয়ানডে সিরিজের পর ২৯ অক্টোবর ক্যানবেরার মানুকা ওভালে শুরু হবে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ পরের ম্যাচগুলো ৩১ অক্টোবর, ২ নভেম্বর, ৬ নভেম্বর ও ৮ নভেম্বর।



