জাতীয়

বুধে উত্তরবঙ্গ সফরে শাহ, পরিদর্শনে বিপর্যস্ত এলাকা, দেখা হতে পারে আহত সাংসদের সঙ্গে

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

Amit Shah : বুধে উত্তরবঙ্গ সফরে শাহ, পরিদর্শনে বিপর্যস্ত এলাকা, দেখা হতে পারে আহত সাংসদের সঙ্গে - West Bengal News 24

উত্তরবঙ্গের ভয়াবহ দুর্যোগের পর পরিস্থিতি পর্যালোচনায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আগামী ৮ অক্টোবর (বুধবার) তাঁর শিলিগুড়ি সফরের সরকারি কর্মসূচি নির্ধারিত রয়েছে। বিজেপি সূত্রে জানা গিয়েছে, সরকারি কাজের পাশাপাশি তিনি বিপর্যস্ত কয়েকটি এলাকা ঘুরে দেখতে পারেন। পাশাপাশি, আহত সাংসদ খগেন মুর্মুর সঙ্গে দেখা করারও সম্ভাবনা রয়েছে তাঁর। যদিও শাহের বিস্তারিত সফরসূচি এখনো চূড়ান্ত হয়নি। উত্তরবঙ্গ বিজেপি নেতৃত্বের দাবি, এই কঠিন সময়ে শাহ স্বচক্ষে দুর্গতদের পাশে দাঁড়ালে তা অনেক বড় আশ্বাসের বার্তা দেবে।

গত শনিবার রাতভর প্রবল বর্ষণ ও ভুটান পাহাড় থেকে নামা জলের স্রোতে বিপর্যস্ত হয়ে পড়েছে উত্তরবঙ্গের বিস্তীর্ণ অঞ্চল। এখনও পর্যন্ত প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে ২৭। এমন পরিস্থিতিতে রাজনীতির ঊর্ধ্বে উঠে সকল দলই একযোগে পুনর্গঠনের কাজে নামার আহ্বান জানিয়েছে। এই আবহেই উত্তরবঙ্গে পা রাখছেন অমিত শাহ।

মাটিগাড়া-নকশালবাড়ির বিজেপি বিধায়ক আনন্দময় বর্মন জানিয়েছেন, “শিলিগুড়ির ব্যাংডুবিতে সরকারি অনুষ্ঠানে যোগ দিতে আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী। বন্যাদুর্গত এলাকা ঘুরে দেখার জন্য আমরা তাঁকে অনুরোধ জানাব।” একই বক্তব্য দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তারও। উত্তরবঙ্গ বিজেপির কো-অর্ডিনেটর শ্যামচাঁদ ঘোষ বলেন, “আমরা অমিত শাহর সঙ্গে রাজনাথ সিংকেও চাইছি এখানে। তাঁরা নিজেরা একবার যাতে পরিস্থিতি ঘুরে দেখেন, সেই অনুরোধ করা হবে।”

অন্যদিকে, সোমবার নাগরাকাটার বিপর্যস্ত এলাকায় পরিস্থিতি পরিদর্শনে গিয়ে আক্রান্ত হন বিজেপি সাংসদ খগেন মুর্মু ও বিধায়ক শংকর ঘোষ। স্থানীয় জনতার ছোড়া ইটে খগেন মুর্মুর চোখের নীচের হাড় ভেঙে যায়। বর্তমানে তিনি শিলিগুড়ির এক বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন। সূত্রের খবর, দিল্লি থেকে শীর্ষ নেতৃত্ব নিয়মিত তাঁর খোঁজখবর নিচ্ছেন। বুধবার অমিত শাহের সফরকালে তিনি হাসপাতালে গিয়ে খগেন মুর্মুর সঙ্গে দেখা করতে পারেন। প্রয়োজনে উন্নত চিকিৎসার জন্য সাংসদকে দিল্লির এইমসে স্থানান্তরিত করার কথাও ভাবা হচ্ছে।

আরও পড়ুন ::

Back to top button