গুণমান পরীক্ষায় চমক! ৩৪টি ওষুধ ‘নিকৃষ্ট মানের’ ঘোষণা করল কেন্দ্রীয় সংস্থা
ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

জ্বর হলে অনেকেই যে ‘বিষাক্ত’ প্যারাসিটামল খাচ্ছেন তা প্রকাশ্যে এসেছে গুণমান পরীক্ষায়। কলকাতার ড্রাগ কন্ট্রোল ল্যাবরেটরির পরীক্ষায় মোট ৩৪টি জনপ্রিয় ওষুধকে ‘নট স্ট্যান্ডার্ড কোয়ালিটি’ হিসেবে চিহ্নিত করেছে সেন্ট্রাল ড্রাগ স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন। তালিকাভুক্ত ওষুধগুলোর মধ্যে রয়েছে কলকাতা থেকে বাজেয়াপ্ত এক ধরন অস্থিসন্ধির ওষুধ যার উপাদানে লেখা আছে ক্যালসিয়াম কার্বনেট (৫০০ এমজি) ও ভিটামিন ডি থ্রি (২৫০ আইইউ)। ব্যাচ নম্বর: GTA1350।
কলকাতায় পাওয়া এসব নিম্নমানের ওষুধ গুজরাট থেকে এসেছে বলে ড্রাগ কন্ট্রোল বোর্ড জানিয়েছে। প্রস্তুতকারী সংস্থার নাম গিডসা ফার্মাসিউটিক্যাল; কারখানার ঠিকানা: প্লট নম্বর ৬১১, ৬১২, খারেদি দাহোড় ৩৮৯১৫১, গুজরাট। কিভাবে এই পণ্যগুলো বাংলায় প্রবেশ করেছে তা জানতে প্রাথমিক তদন্ত শুরু করা হয়েছে।
সেন্ট্রাল ড্রাগ কন্ট্রোল বোর্ড মোট ৩৪টি ওষুধকে এনএসকিউ বা ‘নট স্ট্যান্ডার্ড কোয়ালিটি’ তালিকায় অন্তর্ভুক্ত করেছে এবং এতে বেশকিছু অত্যাবশ্যকীয় ওষুধ রয়েছে। পরিচিত কয়েকটি ট্যাবলেট অ্যাম্পিসিলিন ও প্যারাসিটামল পরীক্ষায় পাশ করতে পারেনি; এসব প্যারাসিটামল পাওয়া গেছে উত্তরাখণ্ডের হরিদ্বার থেকে। তালিকায় রয়েছে পেটে পরজীবী সংক্রমণের ওষুধ Albecal 400, মেট্রোনিডাজোল ট্যাবলেট, কিছু অ্যান্টিবায়োটিক ট্রাইহাইড্রেট এবং অ্যামক্সিসিলিন-পটাসিয়াম ক্লাভুলানেট ট্যাবলেটও। অধিকাংশ নিম্নমানের উৎপাদনকারখানা হিমাচল প্রদেশ ও মধ্যপ্রদেশে অবস্থান করছে।
ড্রাগ কন্ট্রোল বোর্ড প্রতিটি নিকৃষ্ট মানের ওষুধের ব্যাচ নম্বর প্রকাশ করেছে এবং সেই তালিকা প্রতিটি রাজ্যের পাইকারি ও খুচরা বিক্রেতার কাছে পাঠানো হয়েছে। বোর্ডের নির্দেশ এই ওষুধগুলো কোনোভাবেই বাজারে বিক্রি করা হবে না।



