রাজ্য

ঝলমলে রোদের মাঝেই শীতের আগমনী বার্তা! ভাইফোঁটায় কেমন থাকবে আবহাওয়া?

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

ঝলমলে রোদের মাঝেই শীতের আগমনী বার্তা! ভাইফোঁটায় কেমন থাকবে আবহাওয়া? - West Bengal News 24

বর্ষা বিদায় নিয়েও মাঝেমধ্যেই বৃষ্টিতে ভিজেছে বাংলা। কালীপুজোর সময়ও দু’এক পশলা বৃষ্টি হয়েছে। তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে ভাইফোঁটার দিনে আবার কি বৃষ্টিতে ভেস্তে যাবে পরিকল্পনা? তবে হাওয়া অফিস জানিয়েছে, আপাতত স্বস্তির খবর। ভাইফোঁটার দিন আকাশ থাকবে একেবারে রোদ ঝলমলে, বৃষ্টির সম্ভাবনা নেই।

আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ৪৮ ঘণ্টায় রাজ্যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। তবে ২৪ অক্টোবর থেকে আবহাওয়ায় ফের পরিবর্তন দেখা দিতে পারে। শুক্রবার উপকূলবর্তী জেলাগুলিতে হতে পারে ভারী বৃষ্টি। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে বৃষ্টির সঙ্গে থাকতে পারে বজ্রপাত। শনিবার থেকে সোমবার পর্যন্ত রাজ্যের বিভিন্ন প্রান্তে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে বলে জানিয়েছে হাওয়া অফিস।

বৃষ্টির সঙ্গে সঙ্গে নামতে শুরু করবে তাপমাত্রাও। মঙ্গলবারের পর থেকেই রাত ও ভোরে পারদের পতন স্পষ্ট হবে, ফলে আরও বাড়বে শীতের আমেজ।

উত্তরবঙ্গেও সপ্তাহান্তে বৃষ্টির ইঙ্গিত মিলেছে। সোমবার পর্যন্ত উত্তরবঙ্গের আটটি জেলাতেই বৃষ্টি হতে পারে। দিনভর মেঘলা আকাশ, সঙ্গে মাঝেমধ্যে বৃষ্টিপাত এমনই পূর্বাভাস দিয়েছে দপ্তর। শুক্রবার থেকেই দার্জিলিং ও কালিম্পংয়ের পার্বত্য এলাকাতেও বৃষ্টি নামতে পারে বলে ইঙ্গিত।

প্রসঙ্গত, ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কেরল, মাহে ও পুদুচেরি অঞ্চলেও। কর্নাটকের কিছু এলাকায় এমনকি অতি ভারী বৃষ্টির পূর্বাভাসও দিয়েছে হাওয়া অফিস।

আরও পড়ুন ::

Back to top button