জাতীয়

৪০ ফুট নিচের মেট্রো স্টেশনও কাঁপল! দিল্লি বিস্ফোরণের নয়া সিসিটিভিতে চাঞ্চল্যকর দৃশ্য

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

Delhi Blast : ৪০ ফুট নিচের মেট্রো স্টেশনও কাঁপল! দিল্লি বিস্ফোরণের নয়া সিসিটিভিতে চাঞ্চল্যকর দৃশ্য - West Bengal News 24

দিল্লির বিস্ফোরণের তীব্র অভিঘাত এবার দেখা গেল ভূগর্ভস্থ মেট্রো স্টেশনেও। নতুন পাওয়া সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে, প্রায় ৪০ ফুট নিচে থাকা লালকেল্লা মেট্রো স্টেশনও কেঁপে উঠেছে সেই বিস্ফোরণের ধাক্কায়। গত ১০ নভেম্বর লালকেল্লা চত্বরে ঘটে যাওয়া ভয়াবহ বিস্ফোরণের তদন্তে এনআইএ নেমেছে, আর তদন্ত যত এগোচ্ছে তত নতুন তথ্য সামনে আসছে। এই নতুন ভিডিও সামনে আসতেই মেট্রো যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

এক মিনিটের সেই ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যদিও ‘সংবাদ প্রতিদিন ডিজিটাল’ ভিডিওটির সত্যতা যাচাই করেনি। ফুটেজে দেখা যায়, মেট্রো থেকে নামা যাত্রীরা স্বাভাবিকভাবে বেরিয়ে যাচ্ছিলেন। ঠিক সেই মুহূর্তেই গোটা স্টেশন কেঁপে ওঠে। আতঙ্কে যাত্রীরা ছুটোছুটি শুরু করে দেন। এমনকি স্টেশনের ফুডস্টলও কাঁপতে দেখা যায়। ভিডিওতে পরিষ্কার বোঝা যাচ্ছে, লালকেল্লার সামনে সেই সন্ধ্যার বিস্ফোরণের ধাক্কা কতটা ভয়ঙ্কর ছিল।

উল্লেখ্য, ১০ নভেম্বর সন্ধ্যায় লালকেল্লার সামনে একটি গাড়িতে রাখা বিস্ফোরক ফেটে এই বিস্ফোরণ ঘটে। ইতিমধ্যেই মৃত্যু হয়েছে ১৩ জনের, আরও অনেকেই আহত।

এই ঘটনার পর কেন্দ্র সরকার একে ‘জঙ্গি হামলা’ বলে ঘোষণা করেছে। তদন্তভার নিয়েছে এনআইএ। ঘটনার পর রাজধানীজুড়ে শুরু হয়েছে তল্লাশি ও গ্রেপ্তারি অভিযান। তদন্তে উঠে এসেছে ফরিদাবাদের আল ফালাহ্‌ বিশ্ববিদ্যালয়ের নাম। জানা গেছে, বিস্ফোরক থাকা গাড়িটি চালাচ্ছিলেন উমর-উন-নবি, যিনি ওই বিশ্ববিদ্যালয়ের চিকিৎসক। এই সূত্র ধরেই বিশ্ববিদ্যালয়ের একাধিক চিকিৎসককে গ্রেপ্তার করেছে তদন্তকারী সংস্থা। ধৃতদের জিজ্ঞাসাবাদে জঙ্গি মডিউল সম্পর্কিত তথ্যও মিলছে বলে জানিয়েছে সূত্র।

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য