জাতীয়

২৫ বছরে দশমবার শপথ নীতীশের, নতুন সরকারে ‘বিগ ব্রাদার’ বিজেপি

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

Nitish Kumar : ২৫ বছরে দশমবার শপথ নীতীশের, নতুন সরকারে ‘বিগ ব্রাদার’ বিজেপি - West Bengal News 24

দশমবারের জন্য বিহারের মুখ্যমন্ত্রীর পদে বসলেন নীতীশ কুমার। গত ২৫ বছরে এ নিয়ে দশমবার ক্ষমতার শপথ নিলেন তিনি।

বৃহস্পতিবার পাটনার গান্ধী ময়দানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতিতে শপথ গ্রহণ করেন নীতীশ। শপথ পাঠ করান রাজ্যপাল আরিফ মহম্মদ খান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপি সভাপতি জেপি নাড্ডা এবং এনডিএ-শাসিত বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী ও উপমুখ্যমন্ত্রীরা।

গত সরকারের দুই উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী এবং বিজয় সিনহা ফের নীতীশ কুমারের ডেপুটি হিসেবে শপথ নিয়েছেন। এদের মধ্যে সম্রাট নির্বাচিত হয়েছেন বিহার বিজেপির সংসদীয় দলনেতা, আর বিজয় হয়েছেন উপদলনেতা। মোট ১৯ জন নেতা মন্ত্রী পদে শপথ নিয়েছেন। মন্ত্রিসভার তালিকা থেকেই স্পষ্ট, এনডিএ-জোট সরকারের নিয়ন্ত্রণে বড়সড় অংশীদার বিজেপি।

১৯ জন মন্ত্রীর মধ্যে ১০ জনই বিজেপি। চিরাগ পাসওয়ানের এলজেপি (আর), জিতন রাম মাঝির হাম এবং উপেন্দ্র কুশওয়াহার আরএলএম পেয়েছে একটি করে মন্ত্রক। নীতীশ কুমারের দল জেডিইউ থেকে শপথ নিয়েছেন মাত্র ৬ জন। এনডিএ প্রথমে নীতি ঠিক করেছিল প্রতি ছয়জন বিধায়কের জন্য একজন করে মন্ত্রী থাকবে।

সেই হিসেবে বিজেপির দখলে যেতে পারত প্রায় ১৫টি মন্ত্রক, জেডিইউ পেত ১৩-১৪টি, এলজেপি (আর) পেত ৩টি এবং হাম ও আরএলএম পেত একটি করে মন্ত্রক। কিন্তু শপথ অনুষ্ঠানে সেই সংখ্যাগত হিসেব প্রতিফলিত হয়নি। তবে ভবিষ্যতে মন্ত্রিসভা আরও বড় করার সুযোগ রয়েছে বলে জানা গেছে। বিহারের ইতিহাসে দীর্ঘতম রাজত্ব করা মুখ্যমন্ত্রীদের মধ্যে অন্যতম নীতীশ কুমার।

প্রায় দুই দশক ধরে তিনি বিভিন্ন মেয়াদে ক্ষমতায় রয়েছেন। কখনও আরজেডির সঙ্গে, কখনও আবার বিজেপির সঙ্গে জোট বেঁধে মোট ৯ বার মুখ্যমন্ত্রী হয়েছেন। প্রথমবার তিনি সমতা পার্টির হয়ে মুখ্যমন্ত্রী হন এবং মাত্র সাত দিন দায়িত্বে ছিলেন। সেখান থেকেই ধীরে ধীরে বিহারের রাজনীতিতে অপরিহার্য হয়ে ওঠেন নীতীশ।

আরও পড়ুন ::

Back to top button