এসআইআর ঘিরে সোমবার অভিষেকের মেগা বৈঠক, বিশেষ নজর মতুয়া অধ্যুষিত এলাকা ও উত্তরবঙ্গে
ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

এসআইআরের আবহে আগামী সোমবার তৃণমূলের পক্ষ থেকে বড়সড় ভারচুয়াল বৈঠকের আয়োজন করা হয়েছে। সাংসদ, বিধায়ক থেকে শুরু করে বিভিন্ন স্তরের নেতাদের সঙ্গে অনলাইনে বৈঠক করবেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিশেষ গুরুত্ব দেওয়া হবে মতুয়া অধ্যুষিত অঞ্চল এবং উত্তরবঙ্গের পরিস্থিতিকে। বৈঠকে সাংসদ ও বিধায়কদের কাজকর্মও খতিয়ে দেখা হবে বলে খবর।
আগামী বছর বাংলায় বিধানসভা নির্বাচন। তার আগে জোর কদমে চলছে এসআইআর অর্থাৎ ভোটার তালিকা সংশোধন ও ত্রুটি দূর করার প্রক্রিয়া। তৃণমূলের দাবি, এই উদ্যোগের আড়ালে বিজেপি ও কেন্দ্রের রাজনৈতিক উদ্দেশ্য লুকিয়ে রয়েছে। শাসকদলের আশঙ্কা, অনেক ভোটারের নাম পরিকল্পনা করেই বাদ পড়তে পারে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় আগেই জানিয়েছিলেন একজন বৈধ ভোটারের নাম বাদ গেলেও দিল্লি পর্যন্ত বৃহত্তর আন্দোলন হবে। সাধারণ মানুষের সুবিধার্থে জেলা জেলায় এসআইআর ক্যাম্পও চালু করেছে তৃণমূল। এই পরিস্থিতিতেই ডাকা হয়েছে বড় বৈঠকটি।
সূত্রের খবর, আগামী সোমবার, অর্থাৎ ২৪ নভেম্বর অনুষ্ঠিত এই ভারচুয়াল মিটিং মূলত এসআইআর-এর প্রস্তুতি ও অগ্রগতিকে কেন্দ্র করেই হবে। দলের সাংসদ, বিধায়ক সহ প্রায় ১০ হাজারের বেশি নেতা যোগ দেবেন সভায়। বিভিন্ন জেলায় সংগঠনের শক্তিবৃদ্ধি প্রয়োজন কি না, সে বিষয়েও আলোচনা হবে। মতুয়া অধ্যুষিত এলাকার রাজনৈতিক পরিস্থিতি ও উত্তরবঙ্গের বিশেষ চ্যালেঞ্জ নিয়েও বিস্তারিত পর্যালোচনা হবে। সেই সঙ্গে সাংসদ ও বিধায়কদের পারফরম্যান্স রিপোর্টও দেখা হবে বলে জানা গিয়েছে।



