রাজনীতিরাজ্য

ছাব্বিশের ভোটে কোনও মুখ নয়! দলীয় কোন্দল এড়াতে সতর্ক বিজেপি

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

ছাব্বিশের ভোটে কোনও মুখ নয়! দলীয় কোন্দল এড়াতে সতর্ক বিজেপি - West Bengal News 24

গোষ্ঠীদ্বন্দ্বের সম্ভাবনা এড়াতে ২০২৬ সালের নির্বাচনে বাংলায় কোনও ‘বিকল্প মুখ’ সামনে আনতে চাইছে না বিজেপি। রাজ্যে কারও নাম তুলে প্রচার চালাতে আপাতত রাজি নয় দিল্লি নেতৃত্ব। দলের ভিতরের কোন্দল ও গোষ্ঠীদ্বন্দ্বের কারণে কোনও নির্দিষ্ট নেতাকে মুখ করে ভোটে নামানো ঠিক হবে না এমনই মত শীর্ষস্তরের। যদিও দলের একাংশ চাইছে কোনও নেতাকে সামনে রেখে লড়াইয়ে নামতে, কিন্তু অন্য গোষ্ঠীর মত একজনকে মুখ করলে ক্ষোভ দানা বাঁধতে পারে, যা ভোটে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। ফলে প্রকাশ্যে ‘বিকল্প মুখ’ ঘোষণার ঝুঁকি নিতে চাইছে না বিজেপি।

যদিও দলের ভিতরের খবর বলছে, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকেই বাস্তবে ‘বিকল্প মুখ’ হিসেবে বিবেচনা করছেন অমিত শাহ। তবে তাঁর নাম এখনই ঘোষণা করতে নারাজ শীর্ষ নেতৃত্ব। তবুও প্রচারের ক্ষেত্রে শুভেন্দুকেই বাড়তি গুরুত্ব দিয়ে এগোতে চায় বিজেপি। রাজ্যের সংগঠনে আরও তিন গুরুত্বপূর্ণ মুখ রয়েছেন প্রাক্তন রাজ্য সভাপতি ও বর্তমান কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার, প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এবং সুবক্তা হিসেবে পরিচিত শমীক ভট্টাচার্য। প্রত্যেকেরই বড় অনুগামী গোষ্ঠী আছে। তাই এদের মধ্যে কাউকে সামনে আনা হলে বাকি গোষ্ঠীগুলিতে অসন্তোষ বাড়তে পারে বলেই মনে করছে কেন্দ্রীয় নেতৃত্ব।

এমনও শোনা যাচ্ছে, দিল্লির কাছে এমন এক ‘বিকল্প মুখ’ প্রস্তুত রয়েছে, যিনি প্রথম সারির নেতৃত্বের মধ্যে পড়েন না। ঠিক যেমন ২০২১ সালের নির্বাচনে কয়েকজন অপ্রত্যাশিত প্রার্থীকে টিকিট দেওয়া হয়েছিল যদিও তাঁদের কেউই জিততে পারেননি। এবারও কেন্দ্রীয় নির্দেশে তেমনই কয়েকজনকে প্রার্থী করা হতে পারে।

সব মিলিয়ে প্রচারের ভরসা মোদি শাহ জুটিই। রাজ্য বিজেপির অনেক নেতার বিশ্বাস, সংগঠন এখনও পোক্ত না হলেও প্রভাব বিস্তারে সবচেয়ে বড় শক্তি নরেন্দ্র মোদি ও অমিত শাহ। তাই তাঁদের প্রচারেই বাংলার ভোটের দিশা পাল্টে যেতে পারে বলে মনে করেন বিজেপির এক শীর্ষ নেতা। তাঁর কথায়, “সংগঠনের চেয়ে বড় শক্তি মোদি ও অমিত শাহ। ওঁদের প্রচারই বাংলায় নির্বাচনের মোড় ঘুরিয়ে দেবে।”

আরও পড়ুন ::

Back to top button