জাতীয়

অপারেশন সিঁদুর নিয়ে বিস্ফোরক মন্তব্য রাজনাথের, পাকিস্তানকে ইঙ্গিতপূর্ণ সতর্কতা

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

Rajnath Singh : অপারেশন সিঁদুর নিয়ে বিস্ফোরক মন্তব্য রাজনাথের, পাকিস্তানকে ইঙ্গিতপূর্ণ সতর্কতা - West Bengal News 24

‘অনেক কিছুই করতে পারতাম, কিন্তু…!’ সেনা অভিযানের প্রসঙ্গে পাকিস্তানকে পরোক্ষ সতর্কবার্তা দিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তাঁর কথায়, ‘অপারেশন সিঁদুর’-এর সময় ভারতীয় সেনার সামনে আরও অনেক বিকল্প খোলা ছিল, কিন্তু দেশ সেই পথে না হেঁটে সংযম প্রদর্শন করেছে।

রবিবার এক সরকারি অনুষ্ঠানে উপস্থিত হয়ে রাজনাথ সিং জানান, সদ্য সমাপ্ত ১২৫টি গুরুত্বপূর্ণ পরিকাঠামো উন্নয়ন প্রকল্প উদ্বোধনের মধ্য দিয়েই দেশের প্রতিরক্ষা সক্ষমতা আরও বাড়ল। তিনি বলেন, ওই অভিযানের সময় সেনা, স্থানীয় প্রশাসন এবং সীমান্তবর্তী অঞ্চলবাসীর মধ্যে যে অভূতপূর্ব সমন্বয় দেখা গিয়েছিল, সেটাই ভারতের প্রকৃত শক্তি। তাঁর দাবি, বাহিনীর সাহসিকতার পাশাপাশি সংযমের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিরক্ষামন্ত্রীর ভাষ্য “আমরা চাইলে আরও অনেক কিছুই করতে পারতাম। আমাদের বাহিনী শুধু বীরত্বই দেখায়নি, সংযমও দেখিয়েছে। যা প্রয়োজন ছিল, তা-ই করেছে।”

রাজনাথ আরও ব্যাখ্যা করেন, সীমান্ত এলাকায় শক্তিশালী যোগাযোগ ব্যবস্থা প্রতিষ্ঠিত থাকায় ‘অপারেশন সিঁদুর’ সফল হয়। উন্নত রাস্তা এবং দ্রুত পরিবহন ব্যবস্থার কারণে বাহিনীকে মুহূর্তের মধ্যে প্রয়োজনীয় ‘লজিস্টিক সাপোর্ট’ পৌঁছে দেওয়া সম্ভব হয়েছিল। তাঁর কথায়, “শুধু রাস্তাঘাটই নয়, রিয়েল-টাইল যোগাযোগ ব্যবস্থা, স্যাটেলাইট সহায়তারও সুবিধা রয়েছে। সীমান্তে মোতায়েন থাকা সেনাদের কাছে প্রতিটি মিনিট, প্রতিটি সেকেন্ড গুরুত্বপূর্ণ। তাই যোগাযোগ ব্যবস্থাই হল তাঁদের নিরাপত্তার মেরুদণ্ড।” পাশাপাশি তিনি উল্লেখ করেন, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন শুধু অবকাঠামো নয়, সমাজে শান্তি বজায় রাখার ক্ষেত্রেও এটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তাঁর সংযোজন “যোগাযোগ ব্যবস্থাকে শুধু পরিকাঠামোগত উন্নয়ন হিসাবে দেখা উচিত নয়। এটা অনেক বড় বিষয়। সমাজে শান্তি এবং সম্প্রীতি রক্ষার জন্য যোগাযোগ ব্যবস্থায় উন্নয়ন ভীষণ ভাবে জরুরি।”

উল্লেখ্য, চলতি বছরের ২২ এপ্রিল জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় ২৬ জন নিহত হওয়ার পর ভারত পাকিস্তান অধিকৃত কাশ্মীর ও পাকিস্তানের মূল ভূখণ্ডে মোট নয়টি জঙ্গিঘাঁটি ধ্বংস করে। সেই অভিযানই ‘অপারেশন সিঁদুর’ নামে পরিচিত। ওই হামলার পাল্টা প্রতিক্রিয়ায় পাকিস্তানও ভারতের বিরুদ্ধে আক্রমণ শুরু করে। প্রায় তিন দিন ধরে টানাপড়েন চলার পর শেষ পর্যন্ত দুই দেশ সংঘর্ষবিরতিতে সম্মত হয়। বর্তমানে সেই স্থিতাবস্থা বজায় রয়েছে।

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য