নতুন বছরের শুরুতেই শিলিগুড়িতে মহাকাল মন্দিরের শিলান্যাস, দিনক্ষণ ঘোষণা মুখ্যমন্ত্রীর
ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

নতুন বছরের শুরুতেই শিলিগুড়িতে মহাকাল মন্দির নির্মাণের পথে বড় পদক্ষেপ নিতে চলেছে রাজ্য। সম্প্রতি শিলিগুড়িতে মহাকাল মন্দির গড়ে তোলার ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার নিউটাউনে দুর্গা অঙ্গনের শিলান্যাস অনুষ্ঠানের মঞ্চ থেকেই তিনি মন্দিরের শিলান্যাসের সম্ভাব্য সময়সূচি প্রকাশ করেন। জানান, “জানুয়ারির দ্বিতীয় সপ্তাহেই শিলান্যাস করব। পুজোর দিন আমি মনে মনে ঠিক করে ফেলেছি।”
চলতি বছরের অক্টোবরে প্রাকৃতিক দুর্যোগে উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকা ক্ষতিগ্রস্ত হয়। সেই সময়ে একাধিকবার পরিস্থিতি খতিয়ে দেখতে এবং দুর্গতদের পাশে দাঁড়াতে উত্তরবঙ্গে যান মুখ্যমন্ত্রী। ওই সফরকালেই দার্জিলিঙের মহাকাল মন্দিরে পুজো দেন তিনি। এরপরই শিলিগুড়িতে বাংলার সবচেয়ে বড় মহাকাল মন্দির নির্মাণের পরিকল্পনার কথা প্রকাশ্যে আনেন। সে সময় তিনি বলেছিলেন, “শিলিগুড়ির ডিএমকে একটা জমি দেখতে বলেছি। সেখানে কনভেনশন সেন্টার হবে। তারপাশেই তৈরি করা হবে মহাকাল মন্দির। এখানে সবচেয়ে বড় শিব রাখা হবে। করতে হয়তো একটু সময় লাগবে। টাস্ট্রি বোর্ড গঠন করতে হবে। সরকার বিনামূল্যেই জমি দেবে।”
সোমবারের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী আবারও প্রকল্পের অগ্রগতির কথা তুলে ধরেন। দুর্গা অঙ্গনের ভিত্তিপ্রস্তর স্থাপন থেকেই তিনি জানান, শিলিগুড়িতে প্রস্তাবিত মহাকাল মন্দিরের জন্য জমি চূড়ান্ত করা হয়েছে এবং প্রাথমিক প্রস্তুতিও সম্পন্ন। এই প্রসঙ্গে তাঁর বক্তব্য, “একটা সুখবর দিই। জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে মহাকাল মন্দিরের শিলান্যাস করব। জমি আমি দেখে নিয়েছি। রেডি করে দিয়েছি। পুজোর দিন মনে মনে ঠিক করে ফেলেছি। ট্রাস্টের একটা মিটিং করে বাদ বাকিটা করতে হবে। টাকাও জোগাড় হয়ে গিয়েছে। আমি বাজে কথা কম বলি।”
উল্লেখ্য, দিঘায় জগন্নাথদেবের মন্দির নির্মাণের পরই দুর্গা অঙ্গন তৈরির পরিকল্পনার কথা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সোমবার সেই প্রকল্পের শিলান্যাস সম্পন্ন হয়েছে। রাজ্য সরকারের লক্ষ্য, আগামী দু’ বছরের মধ্যেই সংশ্লিষ্ট নির্মাণকাজ শেষ করা।



