ক্রিকেট

আইসিসির নতুন প্রস্তাবে জট! মুস্তাফিজকে ছাড়াই কি ভারতে নামতে হবে বাংলাদেশকে?

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

আইসিসির নতুন প্রস্তাবে জট! মুস্তাফিজকে ছাড়াই কি ভারতে নামতে হবে বাংলাদেশকে? - West Bengal News 24

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের নতুন প্রস্তাব ঘিরে আরও জটিলতায় পড়েছে বাংলাদেশ। বিশেষ করে পেসার মুস্তাফিজুর রহমান-কে কেন্দ্র করে বিতর্ক যেন থামছেই না। ভারতে খেলতে অনীহা প্রকাশ করে আসা বাংলাদেশের সামনে এখন বড় প্রশ্ন—মুস্তাফিজকে ছাড়াই কি তাদের মাঠে নামতে হতে পারে?

বাংলাদেশের সংবাদমাধ্যমের দাবি, নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগ জানিয়ে ICC (International Cricket Council) একটি চিঠি পাঠিয়েছে BCB (Bangladesh Cricket Board)-কে। সেই চিঠিতেই নাকি উল্লেখ করা হয়েছে, দলে মুস্তাফিজ থাকলে নিরাপত্তাজনিত সমস্যা বাড়তে পারে। অন্তর্বর্তী সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলও জানিয়েছেন, আইসিসি থেকে এমন আশঙ্কার কথাই তুলে ধরা হয়েছে।

এদিকে, আইসিসির তরফে বাংলাদেশের জন্য ভারতে বিকল্প ভেন্যুর প্রস্তাব দেওয়া হয়েছে। শ্রীলঙ্কায় নয়, ভারতের মধ্যেই অন্য ভেন্যুতে ম্যাচ আয়োজনের কথা জানানো হয়েছে বিসিবিকে। বিকল্প হিসেবে চেন্নাই ও তিরুঅনন্তপুরমের নাম উঠে এসেছে। এই প্রস্তাব কার্যকর হলে ইডেন গার্ডেন্স বা ওয়াংখেড়ে স্টেডিয়ামের বদলে দক্ষিণ ভারতের রাজ্যগুলিতে খেলতে হতে পারে বাংলাদেশকে। সূত্রের খবর, আইসিসি ও বিসিসিআই ইতিমধ্যেই তামিলনাড়ু ও কেরালা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সঙ্গে যোগাযোগ করেছে এবং তারা নীতিগতভাবে সম্মতিও জানিয়েছে। যদিও এখনও পর্যন্ত এ বিষয়ে কোনও সরকারি ঘোষণা হয়নি।

তবে বাংলাদেশের অবস্থান এখনও অনড়। আইসিসির এই নতুন প্রস্তাবেও রাজি হয়নি তারা। বিকল্প ভেন্যুতে খেলার প্রস্তাবও ফিরিয়ে দেওয়া হয়েছে। অথচ আইসিসির নির্দেশ অমান্য করলে বড়সড় শাস্তির মুখে পড়তে হতে পারে বাংলাদেশকে এই আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। সে ক্ষেত্রে কি দলের সেরা বোলারকে বাদ দিয়েই ভারতে খেলতে আসবে তারা?

এই প্রসঙ্গে ক্রীড়া উপদেষ্টার স্পষ্ট বক্তব্য,
“আইসিসি যদি আশা করে আমরা দলের শ্রেষ্ঠ বোলারকে বাদ দিয়ে বিশ্বকাপ দল গড়ব, সমর্থকরা জার্সি পরতে পারবে না। আর খেলার জন্য নির্বাচন পিছিয়ে দেব, তবে এর চেয়ে অবাস্তব আর কিছু হতে পারে না।”

এই মন্তব্যের পরও প্রশ্ন থেকেই যাচ্ছে আইসিসির চাপের সামনে শেষ পর্যন্ত কোন পথে হাঁটবে বাংলাদেশ ক্রিকেট?

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য