রাজনীতিরাজ্য

‘বেনোজল’ হিরণকে ফিরিয়ে দেন অভিষেক, দিলীপ-গড় জিততে বিশ্বস্ত সৈনিকেই ভরসা ‘সেনাপতি’র

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

‘বেনোজল’ হিরণকে ফিরিয়ে দেন অভিষেক, দিলীপ-গড় জিততে বিশ্বস্ত সৈনিকেই ভরসা ‘সেনাপতি’র - West Bengal News 24

ছাব্বিশের বিধানসভা ভোটের আগে মেদিনীপুরের রাজনীতিতে বড়সড় রদবদলের জল্পনা। জেলার বিজেপির দুই বিধায়ক তৃণমূলে যোগ দেওয়ার আগ্রহ দেখালেও সেই প্রস্তাবে সায় দেননি দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। জনতার মতামতকে অগ্রাধিকার দিয়েই দরজা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে শুক্রবার মেদিনীপুরের ‘রণসংকল্প’ সভা থেকে এমনটাই জানান তিনি।

এই প্রসঙ্গে খড়গপুরের বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়ের নাম উল্লেখ করে অভিষেক বলেন, ”এই তো অজিত মাইতির (জেলা তৃণমূল সভাপতি) সঙ্গে হিরণ আমার অফিসে এসেছিল। তৃণমূলে যোগ দেওয়ার ইচ্ছেপ্রকাশ করেছিল। নিইনি। এখনও মেদিনীপুরের ২ বিজেপি বিধায়ক আমাদের সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন। কিন্তু এখানের জনতার দাবি মেনে, ইচ্ছের কথা ভেবে আমরা দরজা বন্ধ রেখেছি।”

তৃণমূলের লক্ষ্য এবার শুধু জেতা নয় আগের তিনবারের তুলনায় আরও বড় ব্যবধানে চতুর্থবার রাজ্যে সরকার গড়া। সেই লক্ষ্যেই ‘যতই করো হামলা/আবার জিতবে বাংলা’ কর্মসূচি নিয়ে রাজ্যজুড়ে ঘুরছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শনিবার মেদিনীপুর শহরের জনসভা থেকে তিনি দলের কর্মীদের স্পষ্ট টার্গেট বেঁধে দেন মেদিনীপুরকে ১৫-০ করতে হবে। বর্তমানে পশ্চিম মেদিনীপুরে বিজেপির বিধায়ক মাত্র দু’জন খড়গপুরের হিরণ চট্টোপাধ্যায় এবং ঘাটালের শীতল কপাট।

এই প্রেক্ষাপটেই বিজেপি বিধায়কদের সঙ্গে তৃণমূলের যোগাযোগের বিষয়টি প্রকাশ্যে আনেন অভিষেক। খড়গপুরের বিধায়ক হিরণের দলবদলের আগ্রহের কথাও সামনে আনেন তিনি। উল্লেখযোগ্যভাবে, প্রায় দু’বছর আগে ক্যামাক স্ট্রিটে অভিষেকের অফিসে হিরণের উপস্থিতির ছবি ভাইরাল হয়েছিল। তার পর থেকেই টলিউড অভিনেতা তথা একসময়ের তৃণমূল যুবনেতার রাজনৈতিক অবস্থান নিয়ে জোর চর্চা শুরু হয়।

সম্প্রতি হিরণ আবার আলোচনায়, কারণ রাজ্য বিজেপিতে দিলীপ ঘোষের সক্রিয়তা। শমীক ভট্টাচার্য রাজ্য সভাপতি হওয়ার পর পুরনো নেতাদের ফের সংগঠনে সক্রিয় করা হচ্ছে। এই পরিস্থিতিতে দিলীপ ঘোষ নিজের পুরনো গড় খড়গপুর থেকে ফের ভোটে দাঁড়ানোর আগ্রহ প্রকাশ করতেই আপত্তি তোলেন হিরণ। বর্তমান বিধায়ককে সরিয়ে দেওয়ার সিদ্ধান্তে তিনি সহমত নন বলেই মত প্রকাশ করেন।

এই আবহেই অভিষেক হিরণের দলবদলের ইচ্ছার কথা প্রকাশ্যে এনে বার্তা দেন দলে ‘বেনোজল’ ঢুকতে দেওয়া হবে না। বরং সংগঠনের বিশ্বস্ত কর্মীদের হাত ধরেই খড়গপুর আসন জয়ের লক্ষ্য স্থির করেছে তৃণমূল।

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য