রাজ্য

SIR মামলায় তৃণমূলের বড় জয়, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড গ্রহণের নির্দেশ সুপ্রিম কোর্টের

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

SIR মামলায় তৃণমূলের বড় জয়, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড গ্রহণের নির্দেশ সুপ্রিম কোর্টের - West Bengal News 24

এসআইআর (SIR in Bengal) সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্টে গুরুত্বপূর্ণ সাফল্য পেল তৃণমূল কংগ্রেস। শীর্ষ আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে, শুনানির সময় নথি হিসেবে মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড গ্রহণ করতে হবে। পাশাপাশি দীর্ঘদিন ধরে বিতর্কে থাকা বিএলএ (BLA) উপস্থিতি নিয়েও স্পষ্ট নির্দেশ দিয়েছে আদালত। ভোটাররা শুনানিতে হাজিরার সময় চাইলে যে কোনও একজনকে সঙ্গে নিতে পারবেন, তিনি যদি বিএলএ হন তাতেও কোনও আপত্তি নেই। ফলে এবার এসআইআর শুনানিতে বিএলএদের উপস্থিতির পথ পরিষ্কার হল।

২০২৫ সালের অক্টোবরের শেষ সপ্তাহ থেকে রাজ্যে শুরু হয়েছে এসআইআর প্রক্রিয়া। ২০০২ সালের ভোটার তালিকাকে ভিত্তি করেই এই কাজ চলছে, কারণ সেই বছরই শেষবার ভোটার তালিকায় নিবিড় সংশোধন হয়েছিল। ২০২৬ সালের নির্বাচনের আগে বাংলা-সহ মোট ১২টি রাজ্যে একই প্রক্রিয়া শুরু করেছে জাতীয় নির্বাচন কমিশন। ২০০২ সালের ভোটার তালিকায় নাম না থাকলে নিয়ম অনুযায়ী এসআইআর শুনানিতে গিয়ে প্রয়োজনীয় নথি জমা দিয়ে নাম তোলার আবেদন করতে পারবেন ভোটাররা। একই সঙ্গে তালিকায় থাকা ভুল বা অসংগতি সংশোধনের জন্যও নথি জমা দেওয়ার সুযোগ রয়েছে।

ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করার জন্য কমিশন মোট ১৩টি নির্দিষ্ট নথির তালিকা প্রকাশ করেছিল। প্রথমে সেই তালিকায় মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ডের উল্লেখ ছিল না। যদিও রাজ্য নির্বাচন কমিশনের তরফে যুক্তি দেওয়া হয়েছিল, বহু ক্ষেত্রে এই নথি গ্রহণযোগ্য এবং নাগরিকত্ব সংক্রান্ত বিষয়েও তা গুরুত্বপূর্ণ প্রমাণ হতে পারে। বিভিন্ন স্তরে সেই আবেদন ওঠে। এর জেরে অনেক ক্ষেত্রেই শুনানিতে ডাকা ভোটারদের কাছ থেকে মাধ্যমিক বা দশম শ্রেণির ফাইনাল পরীক্ষার অ্যাডমিট কার্ড গ্রহণ করেছিলেন বিএলওরা।

তবে গত বৃহস্পতিবার দিল্লি থেকে রাজ্য নির্বাচন কমিশনের দপ্তরে পাঠানো একটি নোটিসে জানানো হয়, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড নথি হিসেবে গণ্য হবে না। এতে নতুন করে ভোগান্তির আশঙ্কা তৈরি হয় বহু মানুষের মধ্যে।

শেষ পর্যন্ত বিষয়টি গড়ায় সুপ্রিম কোর্টে। এদিন শীর্ষ আদালত স্পষ্ট নির্দেশ দেয়, এসআইআর প্রক্রিয়ায় নথি হিসেবে মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড অবশ্যই গ্রহণ করতে হবে। একই সঙ্গে বিএলএদের শুনানিতে উপস্থিত থাকার অনুমতিও দেওয়া হয়েছে। রাজনৈতিক মহলে এই রায়কে তৃণমূলের বড় জয় হিসেবেই দেখা হচ্ছে।

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য