
ভারতের মাটিতে প্রথমবার একদিনের সিরিজ জিতে ইতিহাস গড়েছে নিউজিল্যান্ড। তার মধ্যেই ওয়ানডে ফরম্যাটে অধিনায়ক শুভমান গিলের নেতৃত্ব নিয়ে জোর আলোচনা শুরু হয়েছে। এখনও পর্যন্ত তাঁর নেতৃত্বে কোনও ওয়ানডে সিরিজ জিততে পারেনি ভারত, পাশাপাশি ব্যাট হাতেও ধারাবাহিকতা নেই। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে—এই মুহূর্তে কি ওয়ানডেতে জাতীয় দলের নেতৃত্ব দেওয়ার জন্য পুরোপুরি প্রস্তুত গিল? সেই বিতর্কে নতুন করে আগুন ঢেলেছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার মনোজ তিওয়ারি। তাঁর মতে, গিলকে সরিয়ে ফের রোহিত শর্মার হাতেই অধিনায়কত্ব ফিরিয়ে দেওয়া উচিত।
এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে মনোজ তিওয়ারি বলেন, “আমি অবশ্যই শুভমানকে সরিয়ে রোহিতের হাতে নেতৃত্বের ব্যাটন তুলে দেওয়ার কথা বলব। ওয়ানডে বিশ্বকাপ এখনও দেরি আছে। মনে রাখতে হবে, সেটা কোনও দ্বিপাক্ষিক সিরিজ বা কোনও প্রতিযোগিতাও নয়। কী দরকার ছিল রোহিতকে সরানোর? ওর অধীনে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল ভারত। দলও ঠিক পথে যাচ্ছিল। রোহিতের অভিজ্ঞতার ধারেকাছে নেই গিল।”
শুধু তাই নয়, নেতৃত্বের তুলনাতেও রোহিতকে অনেক এগিয়ে রেখেছেন মনোজ। তিনি বলেন, “গিলের চেয়ে অনেক গুণ এগিয়ে রোহিত। তবে একথা বলছি না যে, শুভমানের নেতৃত্বে বিশ্বকাপ জিতবে না ভারত। তবে রোহিত থাকলে জয়ের সম্ভাবনা বেড়ে ৮৫-৯০ শতাংশ হয়ে যায়।” পাশাপাশি অধিনায়ক হিসেবে গিলের কৌশলগত সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। তাঁর মতে, বোলার ব্যবহারে আরও পরিকল্পনা দরকার এবং ফিল্ডিং সাজানোর ক্ষেত্রেও উন্নতির জায়গা রয়েছে।
নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে গিলের ব্যাট থেকে এসেছে ৫৬, ৫৬ এবং ২৩ রান। এই পারফরম্যান্সও তাঁর নেতৃত্ব নিয়ে সংশয় বাড়িয়েছে। কারণ, অতীতে রোহিত শর্মা, বিরাট কোহলি কিংবা মহেন্দ্র সিং ধোনির মতো অধিনায়কেরা মাঠে দলকে উদ্বুদ্ধ করার পাশাপাশি ব্যাট হাতেও নজির গড়েছেন। সেই তুলনায় গিল এখনও সেই প্রভাব ফেলতে পারেননি। উপরন্তু, রনজি ট্রফিতেও তাঁর ব্যর্থতা চোখে পড়ছে। সৌরাষ্ট্রের বিরুদ্ধে প্রথম ইনিংসে শূন্য রানের পর দ্বিতীয় ইনিংসে পাঞ্জাব অধিনায়ক হিসেবে করেন মাত্র ১৪ রান। এই পরিস্থিতিতে ওয়ানডেতে তাঁর নেতৃত্বের ভবিষ্যৎ কোন পথে এগোয়, সেটাই এখন দেখার।



