স্বাস্থ্যসাথীতে বড় সিদ্ধান্ত, বেসরকারি হাসপাতালেও মিলবে ৪ অস্ত্রোপচারের সুবিধা
ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

রাজ্যের সাধারণ ও প্রান্তিক মানুষের জন্য গুরুত্বপূর্ণ ঘোষণা। স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতায় এখন থেকে হার্নিয়া, হাইড্রোসিল, ফিসারেক্টমি এবং আর্থোস্কোপিক অস্ত্রোপচার বেসরকারি হাসপাতালেও করা যাবে। এ সংক্রান্ত নতুন নির্দেশিকা জারি করেছে রাজ্য স্বাস্থ্য দপ্তর। এতদিন এই চার ধরনের অস্ত্রোপচার স্বাস্থ্যসাথীর অধীনে বেসরকারি হাসপাতালে করা যেত না। দপ্তরের যুক্তি ছিল, সরকারি হাসপাতালেই এই অস্ত্রোপচারের পর্যাপ্ত ও উন্নত পরিকাঠামো রয়েছে। তবে পরিস্থিতি বিবেচনা করে এবার সেই নিয়মে পরিবর্তন আনা হল।
স্বাস্থ্য দপ্তরের নির্দেশ অনুযায়ী, কোনও সরকারি হাসপাতালে হার্নিয়া, হাইড্রোসিল বা ফিসারেক্টমি অস্ত্রোপচারে অসুবিধা থাকলে এবং সংশ্লিষ্ট চিকিৎসক লিখিতভাবে জানালে তবেই বেসরকারি হাসপাতালে সেই অস্ত্রোপচারের অনুমতি মিলবে। অন্যদিকে, দুর্ঘটনায় গুরুতর আহত রোগীর ক্ষেত্রে আর্থোস্কোপিক অস্ত্রোপচারের প্রয়োজন হলে সেটি স্বাস্থ্যসাথীর আওতায় বেসরকারি হাসপাতালে করা যাবে। তবে ‘কোল্ড-ওটি’ অর্থাৎ যেসব অস্ত্রোপচার পরে নির্ধারিত সময়ে করা সম্ভব, সেগুলির ক্ষেত্রে বেসরকারি হাসপাতালে আর্থোস্কোপি করার অনুমতি নেই। স্বাস্থ্য দপ্তরের এক কর্তার কথায়, ‘‘সাধারণ মানুষের কথা ভেবেই এই গেটকিপিং ব্যবস্থাতেই কিছুটা ছাড় দেওয়া হয়েছে।’’
দপ্তর সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে পর্যালোচনায় দেখা গিয়েছে যে, এই চার অস্ত্রোপচারের জন্য সরকারি হাসপাতালে তারিখ পেতে রোগীদের দীর্ঘ অপেক্ষা করতে হচ্ছে। অনেক ক্ষেত্রে নির্দিষ্ট তারিখও মিলছে না, ফলে রোগীদের ভোগান্তি বাড়ছে। একই সঙ্গে আরও একটি বিষয় নজরে এসেছে সরকারি হাসপাতালের কিছু চিকিৎসক নানান কারণ দেখিয়ে রোগীদের বেসরকারি হাসপাতালে পাঠিয়ে দিচ্ছেন এবং সেখানে নিজেরাই অস্ত্রোপচার করছেন।
তবে ‘গেট কিপিং’ নীতিতে আংশিক শিথিলতা আনা হলেও অস্ত্রোপচার কারা করতে পারবেন, তা স্পষ্ট করে দিয়েছে স্বাস্থ্য দপ্তর। নতুন নির্দেশিকা অনুযায়ী, বেসরকারি হাসপাতালের নিজস্ব শল্যচিকিৎসকরাই কেবল এই অস্ত্রোপচার করতে পারবেন। সংশ্লিষ্ট হাসপাতালে যুক্ত কোনও সরকারি চিকিৎসক সেখানে এই অস্ত্রোপচার করতে পারবেন না।



