রাজ্য

পুণেতে বাংলাভাষী পরিযায়ী শ্রমিক খুন, পরিবারের পাশে থাকার বার্তা মমতার! ‘বাংলা পাশে আছে’

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

পুণেতে বাংলাভাষী পরিযায়ী শ্রমিক খুন, পরিবারের পাশে থাকার বার্তা মমতার! ‘বাংলা পাশে আছে’ - West Bengal News 24

ভাষা ও পরিচয়কে কেন্দ্র করে মহারাষ্ট্রের পুণেতে খুন হলেন পুরুলিয়ার এক পরিযায়ী শ্রমিক এমনই অভিযোগ সামনে এসেছে। এই ঘটনার তীব্র নিন্দা করে এবং শোকস্তব্ধ পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়ে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক্স হ্যান্ডেলে পোস্ট করে তিনি জানান, এই নৃশংস ঘটনায় তিনি গভীরভাবে মর্মাহত ও ক্ষুব্ধ। একই সঙ্গে তিনি স্পষ্ট করেন, গোটা বাংলা নিহত শ্রমিকের পরিবারের পাশে রয়েছে।

বৃহস্পতিবার সকালে সোশাল মিডিয়ায় প্রতিক্রিয়া জানিয়ে মুখ্যমন্ত্রী লেখেন, এক যুবককে তাঁর ভাষা, পরিচয় ও শিকড়ের কারণে নির্যাতন করা হয়েছে এবং শেষ পর্যন্ত তাঁকে হত্যা করা হয়েছে। পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি তোলেন তিনি। তাঁর এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, ‘আমি অবিলম্বে অভিযুক্তদের গ্রেপ্তার ও অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। সুখেনের পরিবারকে বলছি এই অকল্পনীয় শোকের মুহূর্তে বাংলা আপনাদের পাশে আছে।’

জানা গিয়েছে, নিহত পরিযায়ী শ্রমিকের নাম সুখেন মাহাতো (৩১)। তাঁর বাড়ি পুরুলিয়ার জঙ্গলমহল বরাবাজারের তুমড়াশোলের বাঁধডিতে। পুরুলিয়ার ৭৮ নম্বর বুথের ভোটার ছিলেন তিনি। পুণেতে দাদা তুলসিরাম মাহাতোর সঙ্গে একই গাড়ির যন্ত্রাংশ তৈরির সংস্থায় কাজ করতেন সুখেন। অভিযোগ উঠেছে, শুধুমাত্র বাংলা ভাষায় কথা বলার কারণেই কুড়মি জনজাতিভুক্ত এই পরিযায়ী শ্রমিককে মারধর করে খুন করা হয়েছে বিজেপি শাসিত পুণেতে।

পুণের কোরেগাঁও ভিমার সংলগ্ন সনৎ বাড়ি এলাকায় ছিল তাঁর কর্মস্থল। মঙ্গলবার বিকেল ৩টার শিফটে কাজে যোগ দেন তিনি। কর্মস্থল থেকে প্রায় ৫০০ মিটার দূরে তাঁর দেহ উদ্ধার হয়। বুধবার রাত পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেপ্তার করতে পারেনি মহারাষ্ট্র পুলিশ। পুনের শিকারপুর থানার পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত প্রক্রিয়া চলছে।

আরও পড়ুন ::

Back to top button