
দেশের বিভিন্ন প্রান্তে বাবরের নামে মসজিদ কিংবা ‘বাবরি মসজিদ’ নামে কোনও ধর্মীয় স্থাপনা নির্মাণের উপর নিষেধাজ্ঞা জারির দাবি জানিয়ে সুপ্রিম কোর্ট-এ একটি জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছিল। শুক্রবার সেই আবেদন খারিজ করে দেয় দেশের সর্বোচ্চ আদালত। বিচারপতি বিক্রম নাথ ও বিচারপতি সন্দীপ মেহতার ডিভিশন বেঞ্চ মামলাটি গ্রহণ করতেই অস্বীকৃতি জানায়। পরে আবেদনকারীর পক্ষের আইনজীবী মামলাটি প্রত্যাহার করে নেন।
এদিন আদালতে আবেদনকারীর তরফে দাবি জানানো হয়, দেশের কোথাও বাবরের নামে কোনও মসজিদ নির্মাণ করা হলে তা বন্ধ রাখার নির্দেশ দেওয়া হোক। পাশাপাশি ভবিষ্যতে ‘বাবরি মসজিদ’ নামে নতুন করে ধর্মীয় স্থাপনা গড়ে তোলা থেকেও বিরত থাকার নির্দেশ দেওয়ার আর্জি জানানো হয় সুপ্রিম কোর্টের কাছে। তবে এই বিষয়ে শুনানি করতে রাজি হয়নি শীর্ষ আদালত।
উল্লেখযোগ্যভাবে, গত ৬ ডিসেম্বর বেলডাঙায় বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর। এই ঘটনাকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেস ইতিমধ্যেই তাঁকে দল থেকে সাসপেন্ড করেছে। ধর্মীয় ইস্যুতে রাজনীতি করার অভিযোগ তুলে দলের তরফে তাঁর সমালোচনা করা হয়।
পাশাপাশি বিজেপির সঙ্গে তাঁর যোগাযোগ রয়েছে বলেও অভিযোগ ওঠে। যদিও সেই অভিযোগ অস্বীকার করে বিজেপি পাল্টা তৃণমূলকেই নিশানা করে। এদিকে হুমায়ুন কবীর নিজের নতুন রাজনৈতিক দল জনতা উন্নয়ন পার্টি গঠনের ঘোষণা করেছেন। তাঁর ঘোষণামতো চলতি বছরের ফেব্রুয়ারি মাস থেকেই মসজিদ নির্মাণের কাজ শুরু হয়েছে।



