ক্রিকেট

শচীনপুত্রের বিয়েতে একফ্রেমে বচ্চন পরিবার, ঐশ্বর্যর হাত ধরে অভিষেক

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

Arjun Tendulkar Marriage : শচীনপুত্রের বিয়েতে একফ্রেমে বচ্চন পরিবার, ঐশ্বর্যর হাত ধরে অভিষেক - West Bengal News 24

শচীন তেণ্ডুলকরের ছেলের বিয়ে ঘিরে গত কয়েকদিন ধরেই চর্চা চলছিল। অবশেষে বৃহস্পতিবার মুম্বইয়ে সাতপাকে বাঁধা পড়লেন অর্জুন তেণ্ডুলকর ও সানিয়া চান্দোক। প্রাক-বিবাহ অনুষ্ঠান থেকে শুরু করে মূল বিয়ের আসর সব জায়গাতেই দেখা গেল তারকাদের জমকালো উপস্থিতি। জীবনের নতুন অধ্যায় শুরু করার এই বিশেষ দিনে নবদম্পতিকে শুভেচ্ছা জানাতে হাজির ছিলেন বচ্চন পরিবারের সদস্যরাও। সেই সূত্রেই অনেকদিন পর জয়া ও অমিতাভ বচ্চনের সঙ্গে ছেলে-বউমা অভিষেক ও ঐশ্বর্যকে একই ফ্রেমে দেখা গেল।

গত প্রায় দেড় বছর ধরেই বচ্চন পরিবারের অন্দরের সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন শোনা যাচ্ছিল বলিউড মহলে। যদিও বিচ্ছেদের জল্পনায় বারবার জল ঢেলেছেন অভিষেক ও ঐশ্বর্য। কখনও মেয়ের স্কুলের অনুষ্ঠানে, আবার কখনও নতুন বছরের ছুটি কাটিয়ে ফেরার সময় পাপারাজ্জিদের ক্যামেরায় একসঙ্গে ধরা পড়েছেন তাঁরা। তবে দীর্ঘদিন ধরে অমিতাভ ও জয়া বচ্চনের সঙ্গে কোনও বড় বলিউড অনুষ্ঠানে একসঙ্গে দেখা যায়নি ঐশ্বর্যকে।

এবার সেই দূরত্ব যেন মুছে গেল শচীনপুত্রের বিয়ের অনুষ্ঠানে। দীর্ঘদিন পর একই অনুষ্ঠানে ‘জুনিয়র বচ্চন’ দম্পতিকে দেখে মুহূর্তটি ক্যামেরাবন্দি করতে ব্যস্ত হয়ে পড়েন ছবিশিকারীরা। খুব অল্প সময়ের মধ্যেই সেই ছবি ও ভিডিও সোশাল মিডিয়ায় দ্রুত ছড়িয়ে পড়ে। সেখানে দেখা যায়, একে অপরের হাত ধরে অনুষ্ঠানে প্রবেশ করছেন অভিষেক ও ঐশ্বর্য। অন্যদিকে একই রঙের পোশাকে নজর কেড়েছেন জয়া ও অমিতাভ। অনেকদিন পর গোটা বচ্চন পরিবারকে একসঙ্গে দেখে স্বস্তি পেয়েছেন তাঁদের অনুরাগীরাও।

মুম্বইয়ের বিশিষ্ট শিল্পপতি রবি ঘাইয়ের নাতনি সানিয়া চন্দোকের সঙ্গে বৃহস্পতিবার বিবাহবন্ধনে আবদ্ধ হন অর্জুন তেণ্ডুলকর। নবদম্পতিকে আশীর্বাদ জানাতে বচ্চন পরিবারের পাশাপাশি উপস্থিত ছিলেন ক্রীড়াজগতের একাধিক পরিচিত মুখ। তালিকায় ছিলেন সস্ত্রীক সুনীল গাভাসকর, মহেন্দ্র সিং ধোনি ও সাক্ষী ধোনি, বীরেন্দ্র শেহবাগ, সুরেশ রায়না, ইউসুফ পাঠান, হরভজন সিং, সস্ত্রীক রাহুল দ্রাবিড়, জাহির খান ও সাগরিকা ঘাটকে, অনীল কুম্বলে এবং ইরফান পাঠান। স্ত্রী হেজেল কিচের সঙ্গে অনুষ্ঠানে দেখা যায় যুবরাজ সিংকেও। এছাড়াও সিনেমা জগতের অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন সপরিবারে রাজকুমার হিরানি, ফারহান আখতার, নেহা ধুপিয়া, অঙ্গদ বেদি এবং সস্ত্রীক শঙ্কর মহাদেবন-সহ আরও অনেকেই। বিয়ের অনুষ্ঠানে একই রঙের পোশাকে নজর কেড়েছেন আকাশ আম্বানি ও শ্লোকা মেহেতাও।

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য