
রাজ্য বিধানসভা নির্বাচন (West Bengal Assembly Election) ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই প্রশাসনে বড়সড় বদল আনে নির্বাচন কমিশন। গভীর রাতেই মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিবকে বদলি করার সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি রাজ্য পুলিশের ডিজি, পুলিশ কমিশনার-সহ আরও একাধিক শীর্ষ পুলিশ আধিকারিকেরও রদবদল করা হয়েছে।
এই সিদ্ধান্ত ঘিরে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এই প্রসঙ্গে বিজেপি ও নির্বাচন কমিশন দু’পক্ষকেই কড়া ভাষায় আক্রমণ করে তৃণমূল নেত্রী বলেন, ”কাউকে কাজে লাগিয়ে ছুপারুস্তমের মতো গুপ্ততাণ্ডব করছে।” শুধু তাই নয়, কমিশনকে নারী ও বাঙালি বিরোধী বলেও কটাক্ষ করেন তিনি।
সোমবার রান্নার গ্যাসের দাম বৃদ্ধি এবং বাণিজ্যিক গ্যাস সরবরাহ নিয়ে কেন্দ্রের সিদ্ধান্তের প্রতিবাদে কলেজ স্কোয়ার থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত মিছিল করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই কর্মসূচি থেকেই প্রশাসনের একাধিক শীর্ষপদে হঠাৎ বদলি নিয়ে সরব হন তিনি। কমিশনের সমালোচনা করে মমতা বলেন, ”বাঙালি মহিলা চিফ সেক্রেটারিকে বদলে দিয়েছেন। একজন মহিলাকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দিলেন।”
তাঁর অভিযোগ, শুধু বাঙালিই নয়, অবাঙালি আধিকারিকদেরও সরানো হয়েছে। উদাহরণ হিসেবে তিনি পীযূষ পাণ্ডের নাম উল্লেখ করেন। মুখ্যমন্ত্রীর দাবি, এত বড় প্রশাসনিক সিদ্ধান্ত নেওয়ার আগে রাজ্য সরকারকে কোনওভাবেই জানানো হয়নি। এরপরই তিনি স্পষ্ট করে বলেন, ”যাঁকেই পাঠান, তাঁরা আমাদের হয়ে কাজ করবেন। মানুষের হয়ে কাজ করবেন।’’
এদিন সাধারণ মানুষকে শান্ত থাকার বার্তাও দেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “ভরসা রাখুন, আস্থা রাখুন প্ররোচনায় পা দেবেন না।” একইসঙ্গে তাঁর অভিযোগ, নির্বাচনের আগে গ্যাসের বিষয়টি নিয়ে বিজেপি রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করছে।



