অর্থনীতিজাতীয়

পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! বাড়ল প্রিমিয়াম পেট্রলের দাম

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

Fuel Price Hike 2026 : পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! বাড়ল প্রিমিয়াম পেট্রলের দাম - West Bengal News 24

দেশজুড়ে প্রিমিয়াম পেট্রলের দামে বৃদ্ধি ঘটাল কেন্দ্র। রাষ্ট্রায়ত্ত তেল সংস্থা হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড (এইচপিসিএল) লিটার প্রতি প্রিমিয়াম পেট্রলের দাম ২ টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। যদিও এই হঠাৎ মূল্যবৃদ্ধির পেছনে নির্দিষ্ট কোনও কারণ জানানো হয়নি। সাধারণ পেট্রলের দামে আপাতত কোনও পরিবর্তন হয়নি। সংস্থার দাবি, অপরিশোধিত তেলের সরবরাহে কোনও সমস্যা নেই। অন্যদিকে, শিল্পক্ষেত্রে ব্যবহৃত ডিজ়েলের দাম এক ধাক্কায় লিটারে ২২ টাকা বেড়েছে।

গত কয়েক সপ্তাহ ধরে পশ্চিম এশিয়ায় চলা যুদ্ধ পরিস্থিতির প্রভাব পড়তে শুরু করেছে বৈশ্বিক জ্বালানি বাজারে। হরমুজ় প্রণালী, যা দিয়ে ওই অঞ্চলের তেল ও গ্যাস বিশ্বের বিভিন্ন দেশে পৌঁছায়, সেটিই বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে ইরানের বিরুদ্ধে। এর জেরে একাধিক ভারতীয় জাহাজ আটকে পড়েছে, যদিও কিছু জাহাজকে পারাপারের অনুমতি দেওয়া হয়েছে।

আরও পড়ুন :: ভোটের আগে ডিজিটাল কড়াকড়ি! প্রার্থীদের সোশাল মিডিয়া অ্যাকাউন্টে নজর কমিশনের

এই পরিস্থিতিতে দেশে এলপিজি সরবরাহ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছিল, কারণ দেশের প্রায় ৬০ শতাংশ এলপিজি ওই পথেই আমদানি করা হয়। তবে পেট্রোলিয়াম মন্ত্রক আগেই জানিয়েছিল, বিকল্প রুট ব্যবহার করে অধিকাংশ তেল আমদানি করা সম্ভব হওয়ায় সরবরাহে তেমন সমস্যা হয়নি। সেই কারণে এত দিন পেট্রল-ডিজ়েলের দাম অপরিবর্তিত ছিল। যদিও আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধির চাপ ছিলই, এবার তার প্রভাব পড়তে শুরু করল।

শুক্রবার থেকেই নতুন দামে প্রিমিয়াম পেট্রল বিক্রি শুরু হয়েছে। এইচপিসিএল সমাজমাধ্যমে একটি পোস্টে লিখেছে, ‘‘অপরিশোধিত তেলের জোগানে কোনও ব্যাঘাত ঘটেনি। একাধিক তেলবাহী জাহাজ আসছে। তাতে জোগান আরও জোরদার হবে।’’ পাশাপাশি, গুজবে কান না দেওয়ার জন্য সাধারণ মানুষকে সতর্ক করা হয়েছে।

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির জেরে আন্তর্জাতিক বাজারে তেলের দাম দ্রুত বেড়ে গিয়েছিল। সম্প্রতি তা ব্যারেল প্রতি ১১০ ডলারে (প্রায় ১০ হাজার টাকা) পৌঁছয়। যদিও শুক্রবার সেই দাম কিছুটা নেমে ১০৫ ডলারে এসেছে, তবুও অনিশ্চয়তা কাটেনি।

প্রিমিয়াম পেট্রল মূলত উন্নত মানের জ্বালানি, যা গাড়ির ইঞ্জিনের কার্যক্ষমতা বাড়ায় এবং মাইলেজ উন্নত করতে সাহায্য করে। সাধারণত উচ্চক্ষমতাসম্পন্ন বা বিলাসবহুল গাড়িতে এর ব্যবহার বেশি দেখা যায়। অনেকেই এটিকে ‘পাওয়ার পেট্রল’ নামেও চেনেন। তবে এই জ্বালানির দাম বাড়লেও সাধারণ মানুষের দৈনন্দিন খরচে খুব বেশি প্রভাব পড়বে না বলেই মনে করছেন অনেকে।

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য