
মাঠে তিনি ‘প্রিন্স’ নামেই পরিচিত, আর ব্যক্তিগত জীবনেও সেই আভিজাত্যের ছাপ স্পষ্ট। আইপিএল শুরুর আগে মুম্বইয়ে একটি বিলাসবহুল ফ্ল্যাট কিনে খবরের শিরোনামে উঠলেন গুজরাট টাইটান্সের অধিনায়ক শুভমন গিল (Shubman Gill)। জানা গিয়েছে, মুম্বইয়ের জুহুর তারা এলাকায় প্রায় ২১ কোটি টাকার একটি অ্যাপার্টমেন্ট কিনেছেন তিনি।
২৬ বছর বয়সী এই তারকা ক্রিকেটার থাকবেন ওই আবাসনের ১২ তলায়। প্রায় ২০.৭ কোটি টাকায় কেনা এই ফ্ল্যাটটি জুহু তারা রোডের ‘পূজা লুমিনায়ার’ প্রকল্পে অবস্থিত। প্রযোজক ভাশু ভাগনানি এবং তাঁর ছেলে জ্যাকি ভাগনানির কাছ থেকেই এই সম্পত্তি কিনেছেন গিল। বিলাসবহুল এই প্রকল্পে প্রতি বর্গফুটের দাম প্রায় ৬১,৪৪২ টাকা, যা ওই এলাকার বাজারদরের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। পাশাপাশি, স্ট্যাম্প ডিউটি হিসেবেই তাঁকে প্রায় ১ কোটি ২৪ লাখ টাকা খরচ করতে হয়েছে।
আরও পড়ুন :: রাঘব থাকতেও সহ-অভিনেতার প্রেমে পড়তে চান পরিণীতি! জল্পনার অবসান ঘটালেন অভিনেত্রী নিজেই
এই ফ্ল্যাট কেনার ফলে জুহুতে তাঁর প্রতিবেশী হিসেবে থাকবেন বলিউডের বেশ কয়েকজন বড় তারকা অক্ষয় কুমার, অমিতাভ বচ্চন এবং পরিচালক রোহিত শেট্টি। তবে এখনই সেখানে থাকা শুরু করতে পারবেন না গিল। কারণ, ১৬ তলা বিশিষ্ট এই আবাসনের নির্মাণকাজ এখনও চলছে এবং ২০২৯ সালে তা সম্পূর্ণ হওয়ার কথা। ২০২৪ সালের ডিসেম্বর থেকেই এই প্রকল্পের কাজ শুরু হয়েছে।
উল্লেখযোগ্য বিষয় হল, এই প্রকল্পের অন্যতম কর্ণধার ভাশু ভাগনানি কলকাতার বাসিন্দা। ১৯৯০ সালে মুম্বইয়ে গিয়ে চলচ্চিত্র প্রযোজনার মাধ্যমে নিজের কেরিয়ার শুরু করেন তিনি। পরে রিয়েল এস্টেট ক্ষেত্রেও বিনিয়োগ করে একাধিক বিলাসবহুল প্রকল্প গড়ে তুলেছেন।
এদিকে, আইপিএলের নতুন মরশুম শুভমন গিলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। ব্যাট হাতে নিজেকে প্রমাণ করলেও অধিনায়ক হিসেবে এখনও ধারাবাহিক সাফল্য দেখানো তাঁর কাছে বড় চ্যালেঞ্জ। সাম্প্রতিক টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে জায়গা না পাওয়া তাঁর জন্য ধাক্কা হলেও, এই মরশুমে ভালো পারফরম্যান্স করতে পারলে ভারতের ভবিষ্যৎ টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে তাঁর অবস্থান আরও মজবুত হতে পারে।



