রাজ্য

‘যান যমুনায় ডুব দিয়ে আসুন’, দূষণ প্রসঙ্গ টেনে মোদির নৌকাবিহার নিয়ে কটাক্ষ মমতার

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

Mamata Banerjee on Narendra Modi : ‘যান যমুনায় ডুব দিয়ে আসুন’, দূষণ প্রসঙ্গ টেনে মোদির নৌকাবিহার নিয়ে কটাক্ষ মমতার - West Bengal News 24

বঙ্গ সফরে এসে শুক্রবার সকালে গঙ্গায় নৌকাবিহার করেন নরেন্দ্র মোদি। সেই মুহূর্তের ছবি তিনি নিজেই সোশাল মিডিয়ায় শেয়ার করেন। হাওড়ার জনসভা থেকে এই গঙ্গাভ্রমণ নিয়েই কটাক্ষ শানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। যমুনার দূষণকে ইস্যু করে তীব্র সমালোচনা করেন তিনি।

মমতার তোপ, “বাংলার গঙ্গা আর দিল্লির যমুনা মিলিয়ে নিন। বাংলার গঙ্গা পরিষ্কার। তাই নৌকাবিহার করে হাওয়া খেয়েছেন সকালবেলায়। এটা ভোটের মধ্যে রাজনীতি। ফটোশপিং। চ্যালেঞ্জ করছি, গঙ্গায় নৌকাবিহার করেছেন, ভালো করেছেন। আপনাকে স্বাগত। আমিও যাই চন্দননগরে পুজোর সময় গঙ্গাবিহার করতে করতে। আমি গঙ্গাসাগরেও যাই।” দিল্লির যমুনা নদীর দূষণের প্রসঙ্গ তুলে ধরে তৃণমূলনেত্রী বলেন, “আপনি একবার যমুনা নদীতে গিয়ে দিল্লিতে ডুব দিয়ে আসবেন। দিল্লির যমুনা পুরো দূষিত। আপনি যমুনা সামলাতে পারেন না, আর বাংলায় এসে গঙ্গাবিহার করছেন!”

আরও পড়ুন :: বড় ধাক্কা আপ-এ: আপ ছেড়ে বিজেপিতে রাঘব চাড্ডা, পদ্মশিবিরে আসছেন আরও ৩ সাংসদ

দিল্লির দূষণ সমস্যা নতুন কিছু নয়। প্রতি বছর শীত পড়লেই বায়ুদূষণের জেরে নাজেহাল হন রাজধানীর বাসিন্দারা। একইসঙ্গে যমুনা নদীর দূষণ নিয়েও বারবার অভিযোগ উঠেছে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে অনেক সময় নদীর জলে ফেনা জমে যেতে দেখা যায়। দিল্লি বিধানসভা নির্বাচনেও এই যমুনা দূষণ বড় ইস্যু হয়ে উঠেছিল। মোদির গঙ্গাবিহার প্রসঙ্গে মন্তব্য করতে গিয়েও সেই বিষয়টিকেই তুলে ধরলেন মমতা (Mamata Banerjee)।

অন্যদিকে, মোদির লোকসভা কেন্দ্র বারাণসীর সঙ্গে কলকাতার যোগাযোগ আরও মজবুত করতে চলতি বাজেটে একটি করিডর তৈরির ঘোষণা করা হয়েছে। সেই পরিকল্পনাকে স্বাগত জানিয়েছেন নরেন্দ্র মোদি নিজেই। এরই মধ্যে বঙ্গ ভোটের আবহে তাঁর এই গঙ্গাভ্রমণ যে রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ, তা বলাই যায়।

আরও পড়ুন ::

Back to top button