দিল্লি থেকে শিলিগুড়ি মাত্র ৬ ঘণ্টায়! রাজ্যে আসছে বুলেট ট্রেন, নবান্নে ঐতিহাসিক ঘোষণা রেলমন্ত্রীর
ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

শীঘ্রই পশ্চিমবঙ্গের যাত্রীরা বুলেট ট্রেন পরিষেবার সুবিধা পেতে চলেছেন। এই উচ্চগতির রেল পরিষেবা চালু হলে দিল্লি থেকে শিলিগুড়ি পৌঁছতে সময় লাগবে মাত্র ৬ ঘণ্টা। শুক্রবার নবান্নে আয়োজিত এক বৈঠকের পর এই ঘোষণা করেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তিনি জানান, প্রস্তাবিত বুলেট ট্রেনটি দিল্লি, লখনউ, বেনারস ও পাটনা হয়ে শিলিগুড়ি পর্যন্ত চলবে। পাশাপাশি আগামী পাঁচ বছরের মধ্যে পশ্চিমবঙ্গে আরও ৬০টি নতুন ট্রেন চালুর আশ্বাসও দেন তিনি।
নবান্নে এদিন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে প্রশাসনিক বৈঠকে অংশ নেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৈঠকে রাজ্যের একাধিক মন্ত্রী ও বিধায়করাও উপস্থিত ছিলেন। এসময় রেলের বিভিন্ন প্রকল্পে অনুমোদন না দেওয়ার অভিযোগ তুলে পূর্ববর্তী রাজ্য সরকারের সমালোচনা করেন রেলমন্ত্রী। সাংবাদিকদের মুখোমুখি হয়ে পশ্চিমবঙ্গকে বাঁচানোর জন্য সকলকে ধন্যবাদও জানান তিনি। তাঁর অভিযোগ, তৃণমূল সরকার রেল সংক্রান্ত একাধিক প্রকল্পে অনুমতি দেয়নি, যার ফলে দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গে উন্নয়ন বাধাপ্রাপ্ত হয়েছে। এবার রাজ্যে দ্রুত উন্নয়নের কাজ এগিয়ে নিয়ে যাওয়ার বার্তা দেন তিনি।
আরও পড়ুন :: আবাস যোজনায় বিরাট বদল! কারা পাবেন নতুন বাড়ি? দেখে নিন রাজ্য সরকারের ৩ স্তরের নতুন নিয়ম ও সেলফ সার্ভে পদ্ধতি
পাশাপাশি, রেলের প্রকল্প আটকে দিতে আগের সরকার হাইকোর্ট এবং পরবর্তীতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল বলেও দাবি করেন রেলমন্ত্রী। তাঁর কথায়, “কলকাতাবাসী যাতে মেট্রো পরিষেবা না পান সেই কারণে সুপ্রিম কোর্ট পর্যন্ত গিয়েছে তৃণমূল সরকার। কিন্তু এবার থেকে পশ্চিমবঙ্গে পুরো উদ্যোমে কাজ শুরু হবে।”
পরিসংখ্যান তুলে ধরে কলকাতা মেট্রোর সম্প্রসারণ সম্পর্কেও বিস্তারিত তথ্য দেন অশ্বিনী বৈষ্ণব। তিনি জানান, ১৯৭২ সালে কলকাতা মেট্রো পরিষেবা চালু হওয়ার পর প্রথম ৪২ বছরে মাত্র ২৮ কিলোমিটার মেট্রোপথ নির্মিত হয়েছিল। অন্যদিকে, গত ১২ বছরে নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন সরকারের আমলে কলকাতায় আরও ৪৫ কিলোমিটার মেট্রো রুটের সম্প্রসারণ হয়েছে। এছাড়াও তিনি জানান, বন্দে ভারত স্লিপার এবং অমৃত ভারত ট্রেন প্রথম পশ্চিমবঙ্গ থেকেই চালু হয়েছে। রাজ্যের ১০২টি রেল স্টেশনের পুনর্নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে, যার মধ্যে ১০টি স্টেশনের কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে। বর্তমানে পশ্চিমবঙ্গে ৯টি বন্দে ভারত এক্সপ্রেস, ১টি বন্দে ভারত স্লিপার এবং ১৩টি অমৃত ভারত ট্রেন পরিষেবা দিচ্ছে। বাংলার উন্নয়নে ভারতীয় রেল এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অঙ্গীকারের বিষয়টিও এদিন তুলে ধরেন রেলমন্ত্রী।
অন্যদিকে, রেলমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেন যে, ভবিষ্যতে রাজ্যের প্রতিটি জেলাকে রেল মানচিত্রের সঙ্গে যুক্ত করার উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি তিনি জানান, আগামী দিনে পশ্চিমবঙ্গে প্রায় ১ লক্ষ কোটি টাকার রেল প্রকল্পের কাজ বাস্তবায়িত হবে।



