
ডিজে মন্তব্যকে কেন্দ্র করে দায়ের হওয়া মামলায় টানা সাড়ে ছয় ঘণ্টা জিজ্ঞাসাবাদের মুখোমুখি হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। মঙ্গলবার সন্ধ্যা ৬টা ২৫ মিনিট নাগাদ ভবানী ভবন থেকে বেরিয়ে তিনি সরাসরি কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যান। সেখানে দলের একটি গুরুত্বপূর্ণ বৈঠকে তিনি যোগ দেন বলে জানা গিয়েছে।
ছাব্বিশের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপিকে উদ্দেশ্য করে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক একাধিক বিতর্কিত মন্তব্য করেছিলেন। তার মধ্যে সবচেয়ে আলোচিত ছিল ডিজে বাজানো সংক্রান্ত মন্তব্য। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, “৪ তারিখে রবীন্দ্রসঙ্গীতের সঙ্গে হালকা করে একটু ডিজেও বাজবে। রবীন্দ্রসঙ্গীত তো প্রতিবার বাজে। তার সঙ্গে হালকা করে ডিজেও বাজবে এবার। যারা বেশি লম্ফঝম্প করছেন। মনে রাখবেন, আমাদের সৌজন্যতা দুর্বলতা নয়।”
অনেকের কাছে এই মন্তব্যটি রসিকতার মোড়কে উপস্থাপিত হলেও, তাঁর বক্তব্যের ধরন ও ব্যবহৃত শব্দচয়নকে ঘিরে বিতর্ক তৈরি হয়। সেই প্রেক্ষিতেই প্রথমে বিধাননগর সাইবার থানায় তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। পরবর্তীতে মামলার তদন্তভার সিআইডির হাতে তুলে দেওয়া হয়।
গত শুক্রবার তদন্তকারী আধিকারিকরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গিয়ে তাঁকে সমন পাঠান। সেই সমনের জবাব দিয়েই মঙ্গলবার তিনি ভবানী ভবনে হাজিরা দেন। দুপুর ১২টা নাগাদ শুরু হওয়া জিজ্ঞাসাবাদ চলে প্রায় সাড়ে ছয় ঘণ্টা। সন্ধ্যা ৬টা ২৫ মিনিট নাগাদ ডায়মন্ড হারবারের সাংসদ ভবানী ভবন ত্যাগ করেন। যদিও জিজ্ঞাসাবাদ নিয়ে সংবাদমাধ্যমের সামনে কোনও মন্তব্য করতে দেখা যায়নি তাঁকে।
এরপর তিনি সরাসরি কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বাসভবনে পৌঁছন। সেখানে চলতে থাকা একটি দলীয় বৈঠকে তিনি অংশ নেন বলে সূত্রের খবর।
এই মামলার তদন্তে ভবিষ্যতে সিআইডি তাঁকে ফের তলব করবে কি না, তা এখনও স্পষ্ট নয়। উল্লেখযোগ্যভাবে, পালাবদলের পর একাধিক মামলায় জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। সিআইডি ও ইডি-সহ বিভিন্ন তদন্তকারী সংস্থা তাঁকে একাধিকবার ডেকেছে। অতীতেও জিজ্ঞাসাবাদ শেষে তাঁকে কালীঘাটে দলনেত্রীর বাড়িতে যেতে দেখা গিয়েছে। মঙ্গলবারও সেই একই ছবি ধরা পড়ল।



