যাত্রীদের জন্য বিরাট সুখবর! শিয়ালদহ-বারাসত শাখায় ছুটবে নতুন এসি লোকাল, দেখে নিন সময়সূচি ও স্টপেজ তালিকা 🚄❄️
ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

শিয়ালদহ ডিভিশনের যাত্রীদের জন্য আরও একটি এসি লোকাল ট্রেন চালুর ঘোষণা করল রেল। এবার এই পরিষেবা মিলবে বারাসত শাখায়। শিয়ালদহ থেকে আপ ও ডাউন দু’দিকেই চলবে নতুন এই এসি লোকাল। বুধবার এক সাংবাদিক বৈঠকে এই ঘোষণা করেন শিয়ালদহ ডিভিশনের ডিআরএম। নতুন পরিষেবার খবর প্রকাশ্যে আসতেই যাত্রীদের মধ্যে উৎসাহ দেখা দিয়েছে।
রেল সূত্রে জানা গিয়েছে, অফিস টাইমের কথা মাথায় রেখেই এই এসি লোকাল চালানো হবে। প্রতিদিন সকাল ১০টা ৩০ মিনিটে শিয়ালদহ থেকে ট্রেনটি রওনা দেবে এবং সকাল ১১টা ১৮ মিনিট নাগাদ বারাসতে পৌঁছবে। ফেরার পথে বারাসত থেকে ট্রেনটি সকাল ১১টা ২৯ মিনিটে ছাড়বে এবং দুপুর ১২টা ১৭ মিনিটে শিয়ালদহে পৌঁছবে।
এই ট্রেনটি বিধাননগর রোড, দমদম জংশন, দমদম ক্যান্টনমেন্ট, বিরাটি এবং মধ্যমগ্রাম স্টেশনে থামবে। রেলের দাবি, যাত্রীসংখ্যা বৃদ্ধি এবং ব্যস্ত সময়ে লোকাল ট্রেনের ভিড় কমাতেই এই নতুন পরিষেবা চালু করা হচ্ছে।
আরও পড়ুন :: মুখ্যমন্ত্রী শুভেন্দুর জন্য বাংলাদেশ থেকে আম, বদলানো রাজনৈতিক পরিস্থিতিতেও অব্যাহত ‘ম্যাঙ্গো ডিপ্লোমেসি’
শুধু নতুন এসি লোকালই নয়, একাধিক লোকাল ট্রেনের পরিষেবাতেও পরিবর্তন আনা হয়েছে। রেলের ঘোষণা অনুযায়ী, ৩৩৩১৯ বারাসাত–হাসনাবাদ লোকাল এখন থেকে বারাসতের বদলে দমদম ক্যান্টনমেন্ট থেকে বিকেল ৫টা ২৪ মিনিটে যাত্রা শুরু করবে এবং সন্ধ্যা ৭টা ২০ মিনিটে হাসনাবাদে পৌঁছবে। এর ফলে মেট্রো রেলের সঙ্গে সংযোগ আরও সুবিধাজনক হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। পাশাপাশি বারাসাত–দমদম ক্যান্টনমেন্টের মধ্যে নতুন লোকাল পরিষেবাও চালু করা হচ্ছে।
শিয়ালদহ–ডায়মন্ড হারবার শাখাতেও যুক্ত হচ্ছে দু’টি নতুন ট্রেন। এর মধ্যে একটি শিয়ালদহ থেকে সন্ধ্যা ৬টা ২০ মিনিটে ছেড়ে রাত ৮টা ১ মিনিটে ডায়মন্ড হারবার পৌঁছবে। অন্যটি ডায়মন্ড হারবার থেকে রাত ৮টা ২০ মিনিটে ছেড়ে সোনারপুর পৌঁছবে রাত ৯টা ১৪ মিনিটে। এছাড়া বর্তমানে স্পেশাল হিসেবে চলা সোনারপুর–ডায়মন্ড হারবার এবং ডায়মন্ড হারবার–শিয়ালদহ ট্রেন দু’টিকে নিয়মিত পরিষেবার আওতায় আনা হচ্ছে।
এছাড়া ৩৪৪২০ শিয়ালদহ–সোনারপুর লোকালের পরিষেবা ক্যানিং পর্যন্ত বাড়ানো হচ্ছে। ট্রেনটি সকাল ৯টা ৫০ মিনিটে শিয়ালদহ থেকে ছাড়বে। পাশাপাশি ক্যানিং থেকে সকাল ১১টা ৩০ মিনিটে একটি নতুন লোকাল ট্রেনও চালু করা হবে।
বারুইপুর–লক্ষ্মীকান্তপুর শাখাতেও পরিষেবা সম্প্রসারণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিয়ালদহ–বারুইপুর লোকাল এখন থেকে লক্ষ্মীকান্তপুর পর্যন্ত চলবে। ট্রেনটি সন্ধ্যা ৭টা ৫৬ মিনিটে শিয়ালদহ থেকে ছেড়ে রাত ৯টা ২৭ মিনিটে লক্ষ্মীকান্তপুর পৌঁছবে। অন্যদিকে, বর্তমানে বারুইপুর–সোনারপুর পরিষেবা এবার লক্ষ্মীকান্তপুর থেকেই রাত ৯টা ৩৫ মিনিটে শুরু হবে এবং রাত ১০টা ৩৮ মিনিটে সোনারপুর পৌঁছবে।
শিয়ালদহ–কৃষ্ণনগর শাখাতেও গুরুত্বপূর্ণ পরিবর্তনের ঘোষণা করেছে রেল। রাতে কৃষ্ণনগরগামী ট্রেনের সংখ্যা বাড়াতে ৩১৬২৯ শিয়ালদহ–রানাঘাট লোকালের পরিষেবা কৃষ্ণনগর পর্যন্ত সম্প্রসারিত করা হচ্ছে। ট্রেনটি রাত ১০টা ৮ মিনিটে শিয়ালদহ থেকে ছেড়ে রাত ১২টা ২৩ মিনিটে কৃষ্ণনগরে পৌঁছবে। পরীক্ষামূলকভাবে এই পরিষেবা চালু করা হচ্ছে। ফেরার পথে ৩১৬১৪ ট্রেনটি আর রানাঘাট থেকে নয়, কৃষ্ণনগর থেকেই ভোর ৫টা ৩৪ মিনিটে ছাড়বে। সোমবার থেকে শুক্রবার পর্যন্ত এই পরিষেবা পাওয়া যাবে।
এছাড়া রানাঘাট–শান্তিপুর–কৃষ্ণনগর শাখাতেও পরিবর্তন আনা হচ্ছে। ৩১৫৮৫ রানাঘাট–শান্তিপুর–কৃষ্ণনগর লোকালের পরিষেবা আমঘাটা পর্যন্ত বাড়ানো হচ্ছে। এর ফলে দিগনগর এলাকার যাত্রীদের যাতায়াতে আরও সুবিধা হবে বলে জানিয়েছে রেল।



