
ঘোষণার এক সপ্তাহের মধ্যেই তা বাস্তবায়নের পথে মমতা বন্দ্যোপাধ্যায়। নিট কেলেঙ্কারির প্রতিবাদে দিল্লির যন্তর মন্তরে আন্দোলনরত ‘ককরোচ জনতা পার্টি’কে (CJP Protest) সমর্থন জানাতে আগামী সোমবার রাজধানীতে যাচ্ছেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শুক্রবার এই খবর সামনে এসেছে। এর আগে গত মঙ্গলবার, একুশে জুলাইয়ের মঞ্চ থেকেই তৃণমূলনেত্রী জানিয়েছিলেন, প্রয়োজনে তিনি দিল্লি গিয়ে ককরোচ পার্টির সঙ্গে যোগ দেবেন। সেই ঘোষণা অনুযায়ী সোমবার দিল্লি গিয়ে ‘আরশোলা’দের আন্দোলনে যোগ দেওয়ার কথা তাঁর। তবে তিনি নিজেও অবস্থান-বিক্ষোভে বসবেন কি না, তা এখনও স্পষ্ট নয়।
নিটের প্রশ্নপত্র ফাঁস এবং শিক্ষাক্ষেত্রের একাধিক দুর্নীতির অভিযোগ সামনে রেখে প্রায় কুড়ি দিন ধরে দিল্লির যন্তর মন্তরে অবস্থান-বিক্ষোভ চালাচ্ছে ছাত্র-যুবদের রাজনৈতিক সংসর্গবিহীন সংগঠন ‘ককরোচ জনতা পার্টি’। এর আগে অবশ্য তাঁদের আন্দোলনের পথ দেখিয়েছিলেন লাদাখের শিক্ষাবিদ ও সমাজকর্মী সোনম ওয়াংচুক।
আরও পড়ুন :: ট্রাক আটকে তোলাবাজি! শুভেন্দুর নির্দেশে সাসপেন্ড ২ সরকারি কর্মী, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর!
টানা ২৬ দিন অনশন চালানোর পর বৃহস্পতিবার গভীর রাতে গুরুগ্রামের একটি হাসপাতালে সোনম ওয়াংচুকের অনশন ভাঙান দুই কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা ও জিতেন্দ্র সিং। তাঁকে স্যুপ খাইয়ে অনশন প্রত্যাহার করানো হয়। সরকারের সামনে একাধিক শর্ত রেখে সোনম তাঁর অনশন তুলে নিয়েছেন। শুক্রবার ‘ককরোচ’দের দুই প্রতিনিধি নাড্ডার সঙ্গে দেখা করে নিজেদের দাবিপত্রও জমা দেন। নিট কেলেঙ্কারির ঘটনায় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে তাঁরা নির্দিষ্ট সময়সীমাও বেঁধে দিয়েছেন।
দিল্লিতে ছাত্র আন্দোলন ঘিরে যখন পুলিশি পদক্ষেপ চলছে, সেই সময় জাতীয় স্তরের ওই আন্দোলনের পাশে দাঁড়িয়ে তৃণমূলনেত্রী বলেছিলেন, তিনিও দরকারে ‘ককরোচ পার্টি’র আন্দোলনে শামিল হবেন।
এদিকে শুক্রবার কলকাতাতেও ‘আরশোলা’দের সমর্থনে সংহতি মিছিল করে বাম ছাত্র সংগঠন। সেই কর্মসূচিতে বিপুল জমায়েত হয়। ধর্মতলায় মিছিল শেষ হওয়ার পর অবস্থান-বিক্ষোভ চলাকালীন পুলিশকে আক্রমণের অভিযোগ ঘিরে পরিস্থিতি অশান্ত হয়ে ওঠে।
কলকাতার রাজপথে ককরোচ পার্টির সমর্থনে এমন সাড়া দেখে আন্দোলনের সমর্থকদের একাংশ উৎসাহিত হয়েছেন। এর মধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, সোমবার তিনি দিল্লি গিয়ে যন্তর মন্তরের আন্দোলনে যোগ দেবেন।



