জাতীয়

‘ককরোচ’ আন্দোলনের ঝড়ে উত্তাল রাজনীতি! জেন জি-র বার্তা শুনতে মুম্বইয়ে পড়ুয়াদের মুখোমুখি মোহন ভাগবত

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

‘ককরোচ’ আন্দোলনের ঝড়ে উত্তাল রাজনীতি! জেন জি-র বার্তা শুনতে মুম্বইয়ে পড়ুয়াদের মুখোমুখি মোহন ভাগবত - West Bengal News 24

নিটের প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ঘিরে তৈরি হওয়া আন্দোলন যে এত বড় রাজনৈতিক ও প্রশাসনিক প্রভাব ফেলবে, তা হয়তো আগে কেউ ভাবতে পারেননি। সর্বভারতীয় পরীক্ষায় দুর্নীতির অভিযোগ তুলে বর্তমান প্রজন্ম বা জেন জি-র পড়ুয়ারা যে তীব্র প্রতিবাদ গড়ে তুলেছিলেন, তার জেরে শেষ পর্যন্ত শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে পদত্যাগ করতে হয়েছে।

এই আন্দোলনের পিছনে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে নবগঠিত সংগঠন ‘ককরোচ জনতা পার্টি’। ছাত্রছাত্রীদের তারুণ্য, সাহস এবং প্রতিবাদী মানসিকতা থেকেই এই সংগঠনের উত্থান বলে মনে করা হচ্ছে। যদিও এই ‘ককরোচ’দের পিছনে বিদেশি অর্থসাহায্য কিংবা সরকারবিরোধী কোনও গোষ্ঠীর প্রভাব রয়েছে কি না, তা নিয়ে রাজনৈতিক মহলে বিতর্ক অব্যাহত। তবে তাদের আন্দোলন যে দীর্ঘদিন ধরে চলে আসা ‘সিস্টেম’কে বড়সড় ধাক্কা দিয়েছে, তা নিয়ে বিশেষ সংশয় নেই।

এই পরিস্থিতিতে তরুণ প্রজন্মের মনোভাব বুঝতে উদ্যোগী হয়েছে আরএসএস। সংঘপ্রধান মোহন ভাগবত (Mohan Bhagwat) নিজেই তরুণ পড়ুয়াদের সঙ্গে সরাসরি আলোচনা করবেন। আগামী ৬ আগস্ট, বৃহস্পতিবার মুম্বইয়ে এই আলোচনাসভার আয়োজন করা হয়েছে।

আরও পড়ুন :: ২ হাজার টাকার বেশি ইউপিআই পেমেন্টে বসতে পারে অতিরিক্ত চার্জ! কেন্দ্রের নতুন প্রস্তাব ঘিরে জল্পনা

জেন জি বা ‘ককরোচ’দের আন্দোলনের সময় দিল্লিতে পড়ুয়াদের একাংশকে বিভিন্ন মাত্রাছাড়া কর্মকাণ্ডে জড়িয়ে পড়তে দেখা গিয়েছে। ব্যবস্থার ত্রুটি তুলে ধরে কটাক্ষ, প্রতিবাদী স্লোগান এবং ক্ষোভ প্রকাশের পাশাপাশি কোনও কোনও ক্ষেত্রে ব্যক্তিগত আক্রমণের অভিযোগও উঠেছে। এমনকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও তীব্র ভাষায় নিশানা করা হয়েছিল।

তবে প্রধানমন্ত্রী তাঁদের বিরুদ্ধে কঠোর শাস্তির পথে হাঁটার বদলে ক্ষমা করার বার্তা দিয়েছেন। তাঁর বক্তব্য ছিল, শাস্তির মাধ্যমে নয়, বরং কাছে টেনে বোঝানোর মধ্য দিয়েই তরুণদের ভুল সংশোধন করতে হবে।

সম্প্রতি সংঘপ্রধান মোহন ভাগবতের বক্তব্যেও প্রায় একই ধরনের মনোভাব উঠে এসেছে। দিল্লির একটি অনুষ্ঠানে ভাগবত বলেছেন, “পড়ুয়াদের সঙ্গে সঠিক সমন্বয় স্থাপন করা উচিত আমাদের। আদেশ নয়, আলোচনা চাই। ওরা বিনা প্রশ্নে কিছু মেনে নেবে না। তাই আন্তরিক আলোচনা, যুক্তিপূর্ণ কথোপকথন আরও বাড়িয়ে তোলা দরকার।”

বর্তমান প্রজন্মের মানসিকতা প্রসঙ্গে তিনি আরও বলেছেন, “আমাদের প্রজন্ম ছিল বাধ্য। কমবয়সে আমরা সব কথা মেনে নিতে বাধ্য হতাম। এখন আর তা হবে না। আজকের নবপ্রজন্ম প্রশ্ন করে সব জেনে নেবে। আমাদেরও উচিত, ধৈর্য সহকারে সময় দিয়ে তাঁদের বিশদে সবটা জানানো।”

এর পরেই সংঘের পক্ষ থেকে জানানো হয়, আগামী ৬ আগস্ট মুম্বইয়ে জেন জি পড়ুয়াদের সঙ্গে সরাসরি কথা বলবেন মোহন ভাগবত। প্রায় দু’হাজার ছাত্রছাত্রীর ওই কর্মসূচিতে যোগ দেওয়ার কথা রয়েছে। আলোচনার মাধ্যমে তরুণদের ক্ষোভ, সমস্যা এবং প্রত্যাশার বিষয়গুলি বোঝার চেষ্টা করবেন সংঘপ্রধান।

পড়ুয়াদের সঙ্গে কথোপকথনের পর তাঁদের সমস্যার সমাধানে ভবিষ্যৎ কর্মপন্থাও নির্ধারণ করতে পারে সংঘ। বিজেপির অন্দরমহল সূত্রে খবর, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ গোটা শিবিরের কাছে বড় শিক্ষা হয়ে উঠেছে। দীর্ঘদিনের ব্যবস্থা নিয়ে ছাত্রছাত্রীদের মধ্যে জমে থাকা ক্ষোভ যে সহজে প্রশমিত হবে না, সেই উপলব্ধি তৈরি হয়েছে। রাজনৈতিক মহলের মতে, সেই কারণেই তরুণ প্রজন্মের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপনের পথে হাঁটছে আরএসএস।

আরও পড়ুন ::

Back to top button