কলকাতার রাজপথে ‘হর ঘর তেরঙ্গা’ যাত্রা, জাতীয় পতাকা হাতে মুখ্যমন্ত্রী, পথে নামলেন হাজার হাজার মানুষ
ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

এই প্রথম কেন্দ্রের প্রধানমন্ত্রীর ‘হর ঘর তেরঙ্গা’ কর্মসূচির সঙ্গে যুক্ত হল পশ্চিমবঙ্গ। কয়েক দিন আগেই রাজ্যে এই কর্মসূচি পালনের ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari)। সেই ঘোষণার পর সোমবার কলকাতার রাজপথে জাতীয় পতাকা হাতে ‘হর ঘর তেরঙ্গা’ যাত্রায় অংশ নেন তিনি। প্রায় আড়াই কিলোমিটার পথ পায়ে হেঁটে অতিক্রম করেন মুখ্যমন্ত্রী। তাঁর সঙ্গে ছিলেন রাজ্যের একাধিক মন্ত্রী ও বিধায়ক। পাশাপাশি, জাতীয় পতাকা হাতে এই যাত্রায় অংশ নেন হাজার হাজার সাধারণ মানুষও।
মিছিলের শেষে শুভেন্দু বলেন, “আজ কলকাতা তেরঙ্গাময়। হর ঘর তেরঙ্গা কর্মসূচিতে এই প্রথমবার রাজ্য যুক্ত হয়েছে। ৭০ লক্ষ জাতীয় পতাকা বিতরণের কর্মসূচি পালন করছে রাজ্য।” একই সঙ্গে এদিন রাজ্য সরকারের তরফে রাখি বন্ধন উৎসব সরকারি ভাবে পালনের ঘোষণাও করেন তিনি।
সোমবার কলকাতার গৌর পাল সরণি থেকে শুরু হয় ‘হর ঘর তেরঙ্গা’ যাত্রা। সেখান থেকে মিছিল এগিয়ে পৌঁছয় ভিক্টোরিয়া মেমোরিয়াল নর্থ গেট পর্যন্ত। মিছিলের একেবারে সামনে জাতীয় পতাকা হাতে ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর পাশে দেখা যায় পানিহাটির বিজেপি বিধায়ক রত্না দেবনাথ, মন্ত্রী অর্জুন সিং, জগন্নাথ চট্টোপাধ্যায়, দীপক বর্মণ, বিধায়ক রুদ্রনীল ঘোষ, কৌস্তভ বাগচী-সহ বিজেপির একাধিক শীর্ষ নেতাকে। প্রত্যেকের হাতেই ছিল জাতীয় পতাকা।
মিছিলের শুরুতেই নজরে পড়ে ‘প্রতিটি বাড়িতে তেরঙ্গা’ লেখা একটি ব্যানার। রাজনৈতিক নেতৃত্বের পাশাপাশি এই কর্মসূচিতে বিপুল সংখ্যক সাধারণ মানুষও অংশগ্রহণ করেন। জাতীয় পতাকা হাতে শহরের রাজপথে হাঁটতে দেখা যায় তাঁদের।
৫ আগস্টকে কেন্দ্র করে কয়েক বছর ধরে এনডিএ সরকারের উদ্যোগে পালিত হয়ে আসছে ‘হর ঘর তেরঙ্গা’ কর্মসূচি (Har Ghar Tiranga)। এতদিন বাংলায় বিরোধী দলের সরকার থাকায় এই কর্মসূচি রাজ্য সরকারের উদ্যোগে পালিত হয়নি। তবে রাজ্যে বিজেপি সরকার গঠনের পর প্রথমবার কেন্দ্রের এই কর্মসূচির সঙ্গে পশ্চিমবঙ্গকে যুক্ত করেছে শুভেন্দু অধিকারীর সরকার।
৯ থেকে ১৭ আগস্ট পর্যন্ত রাজ্যজুড়ে চলবে এই কর্মসূচি। নিজের বিধানসভা কেন্দ্র ভবানীপুর থেকেই এর সূচনা করেন মুখ্যমন্ত্রী। সাধারণ মানুষকে কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, “পশ্চিমবঙ্গের সমস্ত মানুষের কাছে আবেদন, আপনারা সকলে এতে অংশগ্রহণ করুন। নিজের নিজের বাড়িতে তেরঙ্গা তুলুন।” এই কর্মসূচিকে সামনে রেখে রাজ্যে মোট ৭০ লক্ষ জাতীয় পতাকা বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে।
আড়াই কিলোমিটার দীর্ঘ তেরঙ্গা যাত্রা শেষ হওয়ার পর রাজ্যের তথ্য ও সংস্কৃতি দপ্তর এবং কলকাতা পুরসভাকে ধন্যবাদ জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এরপর তিনি বলেন, “এই প্রথম রাজ্যে হর ঘর তেরঙ্গা কর্মসূচি পালিত হচ্ছে। প্রতি বাড়িতে তেরঙ্গা পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে হর ঘর তেরঙ্গা কর্মসূচি সফল করার আবেদন করব। আগামী ১৫ আগস্ট রেডরোডে আয়োজিত কর্মসূচিতে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানাচ্ছি।”
রাখি বন্ধন উৎসব নিয়েও এদিন গুরুত্বপূর্ণ ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তিনি আরও বলেন, “রাখি বন্ধন উৎসবকে সরকারিভাবে পালন করার ঘোষণা করলাম। ধর্মীয় মাহাত্ম নয়, সকলের সঙ্গে বন্ধনকে আরও সূদৃঢ় করে পশ্চিমবঙ্গকে ভারত সেরা করার লক্ষ্যে রাখি বন্ধন উৎসব পালন করব।”



