যে কারণে আপনার ঝেড়ে ফেলা উচিৎ বাড়তি ওজন

মার্কেটে কেনাকাটা করতে গিয়ে পছন্দের পোশাকটি নিজের মাপে না পেলে অনেকেই সিদ্ধান্ত নিয়ে ফেলেন আজ থেকে যে করেই হোক বাড়তি ওজন ঝরিয়ে ফেলবেন। কিন্তু সামনে মজাদার সকল খাবার পড়লে এক নিমেষে ভুলে যান সব কথা। অনেকেই আছেন যারা নিজের কাছে প্রতিজ্ঞা করে থাকেন ব্যায়াম করে বাড়তি ওজন ঝড়িয়ে ফেলবেন দ্রুত যা একেবারেই পালন করা হয়ে উঠে না। কিন্তু কেন?
একটি পছন্দের পোশাক গায়ে না লাগাটা খুব বেশি মনকে নাড়া দিতে পারে না। অনেকেই দু তিন দিনের মধ্যে ঘটনাটি ভুলে যান। কিন্তু এই ফ্যাশন ও গ্লামারের কারণটি ভুলে যাওয়া যতো সহজ ঠিক ততোটাই কঠিন নিজের জীবনের ঝুঁকিটাকে ভুলে যাওয়া। একজন মোটা মানুষের তুলনায় একজন সঠিক স্বাস্থ্যের মানুষ অনেক বেশি সুস্থ থাকেন। এছাড়াও রয়েছে আরও নানা কারণ। চলুন তবে আজকে দেখে নিন যে কারণগুলোর জন্য বাড়তি ওজন ঝেড়ে ফেলার সিদ্ধান্ত নেয়া উচিৎ।
ভালো ঘুমের জন্য
ঘুম কম হওয়া, অনিদ্রা ইত্যাদির অনেকগুলো কারনের মধ্যে অন্যতম হচ্ছে ভারী স্বাস্থ্য। ইন্টারন্যাশনাল সোসাইটি অফ এন্ডোস্রিনোলজি এবং দ্য এন্ডোরস্রিন সোসাইটি, শিকাগোর গবেষকগণ প্রায় ৩৯০ জনের ওপর পরীক্ষা চালিয়ে দেখতে পান যারা সুস্বাস্থ্যের অধিকারী তাদের তুলনায় যাদের ভারী স্বাস্থ্য ঘুমের নানা সমস্যায় পড়ে থাকেন। তাই ভালো ঘুম ঘুমাতে চাইলে বাড়তি ওজন ঝড়িয়ে ফেলুন।
মস্তিষ্ক সচল রাখতে
অবিশ্বাস্য হলেও সত্যি যে স্থূলতার সাথে মানুষের মস্তিষ্কের কর্মক্ষমতা অনেকাংশে জড়িত। ২০১৩ সালে প্রায় ৪০০ জন মানুষের ওপর একটি পরীক্ষা চালিয়ে ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়ার গবেষকগণ দেখতে পান যারা একটু বেশি স্বাস্থ্যের অধিকারী তাদের চিন্তা করার ক্ষমতা এবং দ্রুত সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা সাধারণ মানুষের তুলনায় কম। এর কারণ হচ্ছে মস্তিষ্কের রক্ত এবং অক্সিজেন চলাচলের শিরা উপশিরায় চর্বি বৃদ্ধি পাওয়া। এতে করে মস্তিষ্কে সাধারনের তুলনায় অনেক কম রক্ত ও অক্সিজেন সঞ্চালন হয় যা মস্তিষ্কে ধিরে ধিরে দুর্বল করে ফেলে। তাই অন্য কিছুর জন্য না হলেও মস্তিষ্কের কর্মক্ষমতা বৃদ্ধি করতে বাড়তি ওজন ঝেড়ে ফেলা উচিৎ।
ত্বকের সুরক্ষা করতে
অনেকেই লক্ষ্য করে থাকবেন যাদের ওজন একটু বেশি বয়সের তুলনায় দেখতে বেশ বুড়ো দেখায়। এর কারণ হচ্ছে মুটিয়ে যাওয়ার ফলে ত্বকের নিচে একটি চর্বির স্তরের সৃষ্টি হয় যার কারণে ত্বকের নিচে রক্ত ও অক্সিজেন সরবরাহ হয় না। এবং ত্বক দিনে দিনে রুক্ষ শুষ্ক হয়ে যায় এবং বয়স্কদের মতো ঝুলে পড়তে থাকে ইলাস্টিসিটি হারিয়ে। তাই দেরি না করে ওজন কমানোর ক্ষেত্রে সতর্ক হয়ে যান।
শরীর ব্যথামুক্ত রাখতে
যখন আমাদের দেহে কিছুটা বাড়তি ওজন যোগ হয় তখন আমাদের হাড়ের গঠন সেই বাড়তি ওজনের সাথে খাপ খাইয়ে নিতে পারে না। এতে করে হাড়ের ওপর যে বাড়তি চাপ পড়ে তাতে হাড়ের জয়েন্ট এবং শরীরের মাংসপেশিতে ব্যথা হয়। তাই বাড়তি ওজন ঝেড়ে ফেলার উদ্যোগ দ্রুতই নিয়ে নেয়া উচিৎ।
কাজে কর্মে শক্তি ও উদ্দীপনা খুঁজে পেতে
যারা একটু মুটিয়ে যান তাদের চলাফেরায় অনেক বেশীই অসুবিধা হয়। খুব সহজেই হাঁপিয়ে উঠেন তারা। বেশীরভাগ সময় সিঁড়ির পরিবর্তে লিফটের ব্যবহার করতে দেখা যায় তাদের। একটিই কারণ তাদের শক্তির অভাব হয়। দেহে বাড়তি ওজন নিয়ে ঘোরাফেরা করতেই অনেক শক্তির ক্ষয় হয়ে যায়। ফলে কাজে কর্মে সঠিক শক্তি প্রয়োগ করতে পারেন না এবং কাজ করার উৎসাহ উদ্দীপনা হারিয়ে ফেলেন।



