রাজনীতি

তবে কি মোদীর মন্ত্রিসভায় এবার ধরবে মুকুল? জোর জল্পনা রাজনৈতিক মহলে !

তবে কি মোদীর মন্ত্রিসভায় এবার ধরবে মুকুল? জোর জল্পনা রাজনৈতিক মহলে ! - West Bengal News 24

 

ওয়েবডেস্ক : কলকাতা, কে‌ন্দ্রীয় মন্ত্রিসভায় সম্ভাব্য রদবদল এবং সেখানে বাংলা থেকে নতুন মুখ নিয়ে যাওয়ার সম্ভাবনা শোনা যেতেই গুঞ্জন শুরু হয়েছে রাজ্য বিজেপি মহলে। আর সেখানে বিভিন্ন সাংসদের পাশাপাশি উঠে আসছে মুকুল রায়ের নামও। মুকুল নিজে অবশ্য বলেন, ‘‘আমি কিছু শুনিনি। প্রস্তাব এলে ভেবে দেখব।’’

লোকসভা নির্বাচনে রাজ্যে ১৮টি আসন দখলের পরেও বাংলার বিজেপি কেন্দ্রে দু’জন প্রতিমন্ত্রীর বেশি কিছু পায়নি। তাঁদের অন্যতম আসানসোলের সাংসদ বাবুল সুপ্রিয় নরেন্দ্র মোদীর প্রথম মন্ত্রিসভাতেও ছিলেন।

এ বার নতুন মুখ রায়গঞ্জের দেবশ্রী চৌধুরী। দু’জনেই অবশ্য প্রতিমন্ত্রী। তা নিয়ে বঙ্গ বিজেপি কর্মীদের মধ্যে একটা চোরা হতাশা রয়েছে।

যা তারা অবশ্য প্রকাশ্যে আনে না। যে বাংলায় বিজেপি এমন অভূতপূর্ব ফল করল সেখান থেকে কি একজন পূর্ণমন্ত্রী দেওয়া যেত না। আক্ষেপ শোনা গিয়েছিল দলের অন্দরে।

এখন ২০২১-এর বিধানসভা ভোটের দিকে তাকিয়ে কেন্দ্রে বঙ্গ বিজেপির প্রতিনিধিত্ব ও গুরুত্ব কিছুটা বাড়ানোর কথা ভাবা হচ্ছে বলে কেন্দ্রীয় সূত্রে খবর।

সেখানেই যাঁদের নাম চর্চায় আসছে, মুকুল তাঁদের এক জন। দিলীপ ঘোষ বা লকেট চট্টোপাধ্যায়ের মতো কেউ প্রথম দফায় মন্ত্রী হবেন বলে দলেই কোনও কোনও মহল ধরে নিয়েছিল। তা হয়নি।

আপাতত মুকুল লোকসভা বা রাজ্যসভা কোথাও নেই। দলের একাংশের বক্তব্য, তৃণমূলের রাজ্যসভা সাংসদ হিসাবে মুকুল কেন্দ্রে রেলের
মতো মন্ত্রকেও স্বাধীন প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন।

এ বার তাঁকে বেছে নেওয়া হলে হয়তো পূর্ণমন্ত্রীর মর্যাদা দেওয়া হতে পারে। সে ক্ষেত্রে ছ’মাসের মধ্যে সংসদের কোনও একটি কক্ষে তাঁকে জিতিয়ে আনতে হবে। বাংলায় না হলেও অন্য কয়েকটি রাজ্যে রাজ্যসভার নির্বাচন আসন্ন। প্রয়োজনে বিজেপি-র কেন্দ্রীয় নেতৃত্ব তাঁকে জিতিয়ে আনতেই পারেন।

মন্ত্রিসভায় রদবদলের প্রশ্নে দলের রাজ্য সভাপতি ও সাংসদ দিলীপবাবুর বক্তব্য, ‘‘আমাদের কাছে এ সব নিয়ে কোনওখবর নেই। আমাদের লোকের অভাব নেই। আর আমি মন্ত্রী হতে চাইলে আগেই হতে পারতাম।’’ রাজ্য বিজেপির সমীকরণে মুকুলের পাল্লা খুব ভারী নয়।

বিজেপির বহু নেতা কর্মী মুকুলকে আজ ‘মুহাজির’ মনে করেন। এখন যদি তাঁকে আদৌ মন্ত্রী করা হয়, তবে রাজ্যে আগামী বিধানসভা নির্বাচনে তিনি কতটা গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হবেন, তারও একটা আভাস মিলবে।

সুত্র: The News Nest

আরও পড়ুন ::

Back to top button